0%

দাদু স্বৈরাচারী, একনায়ক! ইটালির সর্বোচ্চ লিগ কাঁপাচ্ছেন সেই মুসোলিনির নাতি, করলেন গোলও

ইটালির একনায়ক বেনিতো মুসোলিনির নাতি তিনি। তবে পরিচয়ের সেই ভারী বোঝা সরিয়ে ফুটবল মাঠে নিজেকে প্রতিষ্ঠা করাই লক্ষ্য রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনির। সিরি আ-তে সাসুয়োলোর বিরুদ্ধে ৬-২ গোলে জয় পেয়েছে লাজিও। সেই ম্যাচে প্রথম গোল করলেন ২৩ বছরের এই ডিফেন্ডার। ১৬ মিনিটে তাঁর গোলেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায় লাজিও। এর ফলে তারা অপরাজিত থাকার দৌড়ও অব্যাহত রাখল।

লাজিওর হয়ে শুরুতে গোল করেন কেনেথ টেলর। এর পরে জোসিপ সুটালোর আত্মঘাতী গোলে সমতা ফেরায় সাসুয়োলো। তবে গুস্তাভ ইসাকসেনের গোলে ফের এগিয়ে যায় লাজিও। তার পরেই গোল রোমানোর। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও ভিডিও পর্যালোচনার পরে গোলের সিদ্ধান্ত বহাল থাকে। মাতিয়া জাক্কানির গোলে বিরতির আগেই ব্যবধান বাড়ায় লাজিও। দ্বিতীয়ার্ধে তিজানি নসলিনের জোড়া গোলে বড় জয় নিশ্চিত হয়। ম্যাচের আধ ঘণ্টা পেরনোর পর জাক্কানিকে ফাউল করে লাল কার্ড দেখেন সাসুয়োলোর ক্রিস্তিয়ান থর্স্টভেট। ফলে ১০ জনে হয়ে যাওয়ার চাপ ধরে রাখতে পারেনি তারা।

এই জয়ের পরে ন’টি ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠে এল লাজিও। ৮ জয় ও একটি ড্র তাদের ঝুলিতে। বুধবার ভেনেজিয়ার বিরুদ্ধে খেলতে নামার কথা ইন্টার মিলানের। ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রোমা। কাগলিয়ারিকে ৪-২ গোলে হারিয়েছে তারা। তুরিনোর মাঠে ৩-১ জিতে চতুর্থ স্থানে উঠে এসেছে কোমো। এই ম্যাচে বিরাট জয় পেলেও আলোচনায় রোমানো। কারণ তিনি ইটালির প্রাক্তন প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী স্বৈরাশাসক বেনিতো মুসোলিনির নাতি। ইটালিয়ান মিডিয়া তাঁকে ‘জুনিয়র মুসোলিনি’ নামে ডাকে।

২০০৩ সালের ২৭ জানুয়ারি রোমে জন্ম রোমানোর। মা আলেসান্দ্রা মুসোলিনি। এক সময়ের অভিনেত্রী। পরে রাজনীতিতেও আসেন। দাদু ছিলেন জ্যাজ পিয়ানোবাদক। আর দিদিমার বোন বিশ্বখ্যাত ইটালীয় অভিনেত্রী সোফিয়া লরেন। এমন তারকাখচিত পারিবারিক পরিচয় থাকলেও ফুটবল মাঠেই নিজের পরিচিতি গড়ে তুলতে মরিয়া এই ডিফেন্ডার। রোমার যুব দল থেকে উঠে আসা এই ফুটবলার ২০১৬ সালে যোগ দেন লাজিওর যুব দলে। ২০২১ সালে প্রথম পেশাদার চুক্তিতে সই। তার পর পেসকারা ও জুভে স্তাবিয়াতে লোনে খেলার অভিজ্ঞতা সঞ্চয়। গত মরশুমে ক্রেমোনেসের হয়ে সিরি আ-তে ২৮টি ম্যাচে মাঠে নেমেছিলেন। এবার পুরনো ক্লাবের জার্সিতে গোল করে দীর্ঘদিনের স্বপ্নপূরণ করলেন।

তাঁর ফুটবলজীবনের সঙ্গে বারবার জড়িয়ে পড়েছে পারিবারিক পদবি নিয়ে বিতর্ক। কখনও কখনও গ্যালারি থেকে সমর্থকদের তির্যক মন্তব্য শুনতে হয়েছে তাঁকে। যদিও রোমানো জানিয়েছেন, রাজনীতি নিয়ে তাঁর বিন্দুবিসর্গ আগ্রহ নেই। ফুটবলেই মন দিতে চান তিনি। সেই কারণেই জার্সির পিছনে পুরো পদবি না লিখে লেখেন কেবল ‘রোমানো’ লেখেন এই ডিফেন্ডার। ইতিহাসের বিতর্কিত উত্তরাধিকার থেকে নিজেকে দূরে রাখতেই এই সিদ্ধান্ত। সেই তিনি ইটালীয় লিগে প্রথম গোল করলেন।

উল্লেখ্য, ১৯২২ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত ইটালির প্রধানমন্ত্রী ছিলেন বেনিতো মুসোলিনি। ফ্যাসিবাদী শাসনের প্রবক্তা মুসোলিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির একনায়ক অ্যাডলফ হিটলারের মিত্রে পরিণত হন। ১৯৪০ সালে অক্ষশক্তির পক্ষে যুদ্ধে যোগ দেয় ইটালি। ১৯৪৩ সালে মিত্রবাহিনীর আক্রমণের মুখে ভেঙে পড়তে শুরু করে মুসোলিনির শাসন। শেষ পর্যন্ত ১৯৪৫ সালে সুইৎজারল্যান্ডে পালানোর পথে ইটালীয় প্রতিরোধ যোদ্ধাদের হাতে ধরা পড়েন তিনি। পরে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হয়। যুদ্ধে অক্ষশক্তির পরাজয়ের সঙ্গে সঙ্গে ফ্যাসিবাদের প্রতীক হয়ে ওঠে বিশ্বজুড়ে ঘৃণা ও নিন্দার বিষয়। খেলাধুলার ময়দানেও ফ্যাসিবাদী স্লোগান, পতাকা, প্রতীক কিংবা প্রচারের বিরুদ্ধে রয়েছে নানা বিধিনিষেধ। সেই বেনিতোর নাতি এবার গোল করলেন সিরি আ-তে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker