সঙ্গীর খোঁজ করছেন? নিখরচায় পাড়ি দিন ফিনল্যান্ড, জেনে নিন কীভাবে পাবেন সুযোগ

আপনি কী সঙ্গীর খোঁজ করছেন? মনের মানুষ পাচ্ছেন না? প্রেমের খোঁজ যদি পান ফিনল্যান্ডে? তা-ও আবার বেড়ানোর মাঝে। আর ওই বেড়ানো যদি হয় একেবারে বিনামূল্যে? নিশ্চয়ই ভাবছেন, ইশশ যদি সত্যি এমন সুযোগ পাওয়া যেত। অবাক হবেন না, এমনই অভিনব সুযোগ নিয়ে এসেছে ফিনল্যান্ড।
বিষয়টা খোলসা করা যাক। যদি কোনও মনের মানুষ না থাকে তবে এই সুযোগ পেতে পারেন আপনিও। এই সুযোগ পাওয়ার জন্য ‘ফিনিশ ডিনার ডেট’ প্রোগ্রাম চালু হয়েছে। মোট ১৬ জন সিঙ্গল এই সুযোগ পাবেন। বরফে মোড়া ফিনল্যান্ডের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে রসনাতৃপ্তির মাঝে মনের মানুষ খুঁজে পাওয়ার অনন্য সুযোগ। কীভাবে আবেদন করবেন? ইংরাজিতে নিজের পরিচয় দিয়ে একটি ভিডিও তৈরি করতে হবে। ওই ভিডিওটিতে অবশ্যই বলতে হবে মনের মানুষের সঙ্গে ডিনার ডেটে গিয়ে তাঁকে কোন খাবার পরিবেশন করতে চান। কেনই বা এই খাবারটি দিতে চান, সে কারণও ব্যাখ্যা করতে হবে। ওই ভিডিওটি আপনার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে হবে। ইউটিউবের ক্ষেত্রে ‘আনলিস্টেড’ মোডে আপলোড করতে হবে। ‘ভিজিট ফিনল্যান্ড’ ওয়েবসাইট থেকে পাওয়া ফর্ম পূরণ করতে হবে। তাতে অবশ্যই ভিডিওর লিংক দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই ১৮ বছর বয়সি হতে হবে। ফিনল্য়ান্ডের বাসিন্দারা আবেদন করতে পারবেন না।
ওই ফর্ম জমার ভিত্তিতে মোট ১৬ জনকে বেছে নেওয়া হয়। তাঁরাই যোগ দিতে পারবেন ‘ফিনিশ ডিনার ডেটে’। এই ১৬ জনের মধ্যে ৮ জন ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি এবং বাকিরা ডিস্ট্রিক্ট তামপেরেতে যাবেন। ফিনল্যান্ডের বৃহত্তম লেক ডিস্ট্রিক্ট তামপেরে। প্রতিটি দলে ২ জন স্থানীয় যোগ দেবেন। সেখানে মূলত আঞ্চলিক খাবার খাওয়ানো হবে। হেলসিঙ্কির মেনু ঠিক করবেন ‘ক্যাফে স্যভয়’-এর প্রধান শেফ অ্যাডেল কিনুনেন। তামপেরেতে রেস্তরাঁ ব্যবসায়ী হেনরি টিকানেন মেনু স্থির করবেন। আগামী ১০ নভেম্বর ভারতীয় সময় দুপুর ৩টে ২৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে। বিজয়ীদের নাম জানানো হবে ১ ডিসেম্বর। আগামী বছর ৯-১৯ ফেব্রুয়ারির মধ্যে ‘ফিনিশ ডিনার ডেট’ অনুষ্ঠিত হবে। তাই নিখরচায় যেতে চাইলে আপনিও আবেদন করুন। আর দেরি করবেন না।
শেয়ার
লিংক



