‘এ তো সবে শুরু’, দুই বিধায়কের শপথে কোন রাজনৈতিক ইঙ্গিত মুখ্যমন্ত্রীর?

SOBDIK NEWS: আজ বিধানসভার সদস্য হিসেবে শপথ নিলেন নন্দীগ্রাম ও রেজিনগর থেকে জয়ী বিজেপির দুই প্রার্থী হাসিরানি রথ এবং শাখারভ সরকার। বিধানসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। শপথের আনুষ্ঠানিকতা শেষ হতেই দুই নবনির্বাচিত বিধায়ককে ঘিরে শুরু হয় শুভেচ্ছা বিনিময়। সেই মঞ্চ থেকেই উপনির্বাচনের ফলাফল এবং বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
উপনির্বাচনের ফল নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)?
অনুষ্ঠানে হাসিরানি রথ ও শাখারভ সরকারের গলায় উত্তরীয় পরিয়ে তাঁদের অভিনন্দন জানান শুভেন্দু অধিকারী। বিধানসভার সদস্য হিসেবে নতুন দায়িত্ব পালনের জন্য তাঁদের শুভেচ্ছা জানান তিনি। এরপর ভোটের ফলাফল নিয়ে নিজের বক্তব্যে আত্মবিশ্বাসের সুর শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ফলতায় দেবাংশু পণ্ডা ১ লক্ষ ৯ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। পাশাপাশি শাখারভ সরকারের ৭৫ হাজার ভোটের ব্যবধানে জয়ের প্রসঙ্গ তুলে তিনি এই ফলকে সরকারের প্রতি মানুষের সমর্থনের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেন। আগামী দিনের রাজনৈতিক লড়াই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তিনি বলেন, “এ তো সবে ব্রেকফাস্ট হচ্ছে। যা দেখছেন, তা সকালের চা-বিস্কুট। এখনও লাঞ্চ হয়নি। দেখতে থাকুন।”
বিজেপিকে সাম্প্রদায়িক দল হিসেবে চিহ্নিত করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। দলের ধর্মীয় বিশ্বাসের কথা স্বীকার করেও সরকার পরিচালনার ক্ষেত্রে অগ্রাধিকারের বিষয়টি আলাদা করে তুলে ধরেন তিনি। তাঁর কথায়, “হ্যাঁ, আমরা হিন্দু। আমরা সনাতনে বিশ্বাস রাখি। কিন্তু সরকার চালাতে গিয়ে যে বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন, আমরা সেগুলিকেই গুরুত্ব দিই।”

আরও পড়ুন : ট্রেনে মোবাইল চার্জে এবার ‘নাইট কারফিউ’, কতক্ষণ বন্ধ থাকবে চার্জিং পয়েন্ট, জানিয়ে দিল রেল
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুই নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা জানিয়ে বলেন, “শাখারভ সরকার ও হাসিরানি রথকে অভিনন্দন জানাই।” দুই বিধায়কের শপথের মধ্য দিয়ে বিধানসভায় নতুন অধ্যায় শুরু হল। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী নিজের ও দলের অবস্থান স্পষ্ট করে দিলেন।




