এসিএল টু-তে আজ ইস্টবেঙ্গলের মুখোমুখি ওমানের আল সিব, রক্ষণ নিয়ে সতর্ক হাবাস

আইএসএলের প্রথম দুই ম্যাচে দুরন্ত জয়ের পর এবার ইস্টবেঙ্গলের (East Bengal) লক্ষ্য আল সিবকে (Al Seeb) হারানো। মঙ্গলবার ওমানের আল সিব স্টেডিয়ামে নামতে চলেছেন আনোয়ার আলিরা। এসিএল টু’র গ্রুপ ডি-তে তৃতীয় স্থানে থাকা ইস্টবেঙ্গল যখন দুই ম্যাচে এক পয়েন্ট পেয়েছে, সেখানে লিগ টেবিলের একেবারে শেষ স্থানে থাকা আল সিব এখনও পর্যন্ত কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।
তবে টানা ম্যাচ খেলে ওমানে আসা ইস্টবেঙ্গল কোচের চিন্তা ফুটবলারদের ক্লান্তি। পরবর্তী পর্বে যেতে হলে এই ম্যাচটি যথেষ্টই গুরুত্বপূর্ণ আনোয়ার আলিদের কাছে। এই ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস বলেন, “দুই দলের কাছে এই ম্যাচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে দুই দলকেই জিততে হবে। পুরো নব্বই মিনিট আমাদের মনোযোগ ধরে রাখতে হবে। রক্ষণভাগে কোনও রকম ভুল করা চলবে না।”
এসিএল টু’র গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আল হুসেনের সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে আল সোর্তার কাছে ৩-২ গোলে হেরে গিয়েছে ইস্টবেঙ্গল। এই ম্যাচে হারলেও প্রশংসা কুড়িয়েছেন ডেভিড লালহানসাঙ্গারা। এবার প্রতিযোগিতার তৃতীয় গ্রুপ পর্বের ম্যাচে নামতে চলেছেন প্রভসুখন গিলরা। সামনে ওমানের চ্যাম্পিয়ন দল আল সিব। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের আক্রমণভাগ যথেষ্টই ভালো ফর্মে রয়েছে। গোলের মধ্যে রয়েছেন একে লোবা, দানি র্যামিরেজ, এডমুন্ড লালরিনডিকারা।
এদিন আল সিবের বিরুদ্ধে নামার আগে দানি র্যামিরেজ বলেন, “আমাদের দলের অন্যতম শক্তি হচ্ছে দলের একতা। পাশাপাশি কোচ হাবাস ড্রেসিংরুমে সবার মধ্যে এক দারুণ মানসিকতা গড়ে তুলেছেন। এই মরশুমে আমি চারবার দলের প্রথম গোল করেছি। সিনিয়র হিসাবে বরাবর দায়িত্ব নিতে চাই। ওমানের এই ম্যাচটা আমাদের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামব।” সবমিলিয়ে বেশ আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল।
আজ এসিএল টু-তে
আল সিব বনাম ইস্টবেঙ্গল
রাত ৯.৩০, সরাসরি ফ্যান কোড অ্যাপে
শেয়ার
লিংক



