সত্যিই ভাগ্য পরিবর্তন করে ক্রিস্টাল ব্রেসলেট? জানুন কোন সমস্যায় কোন ক্রিস্টাল ধারণ করবেন

অনন্যা সরকার, কলকাতা: যার যেমনই আর্থিক অবস্থা হোক না কেন – বেশিরভাগ মানুষই তাদের জীবন নিয়ে অসন্তুষ্ট থাকেন। যেহেতু অতীতকে পাল্টানো সম্ভব নয়, তাই অনেকে ভবিষ্যতের পরিবর্তনের আশায় জ্যোতিষশাস্ত্রের শরণাপন্ন হন। পড়াশোনায় অমনোযোগ, বৈবাহিক জীবনে অশান্তি বা অর্থের টানাটানি – এরকম বহু সমস্যা নিয়ে জ্যোতিষীদের দ্বারস্থ হন বহু বিশ্বাসী মানুষ। সাম্প্রতিককালে জ্যোতিষবিদ্যার সাথে জড়িত ব্যক্তিরা ক্রিস্টাল ব্রেসলেট (Crystal Bracelet) ধারণ করার পরামর্শ দিচ্ছেন। ফলে এগুলির জনপ্রিয়তাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ক্রিস্টাল ব্রেসলেট পরিধান করলে কী ফল মেলে?
জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী, একেকটি ক্রিস্টালে একেক রকমের অনন্য স্পন্দন বা শক্তি থাকে, যা মন ও শরীরের ওপর বিশেষ প্রভাব ফেলে। বিশ্বাস করা হয়, নির্দিষ্ট সমস্যার জন্য উপযুক্ত ক্রিস্টাল পরিধান করলে তা একাগ্রতা, আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। যদিও এর সপক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও যারা এতে বিশ্বাস করেন, তারা প্রায়শই ইতিবাচক অভিজ্ঞতার কথা জানান। আসুন বহুল ব্যবহৃত কয়েকটি ক্রিস্টালের উপকারিতার কথা জেনে নেওয়া যাক।
১. পাইরাইট (Pyrite) – এটি আয়রন সালফাইড (FeS₂) দিয়ে গঠিত একটি প্রাকৃতিক খনিজ, যা আত্মবিশ্বাস বাড়াতে, নেতিবাচক শক্তি দূর করতে এবং সমৃদ্ধি ও অর্থ আকর্ষণ করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়।
২.গ্রিন অ্যাভেন্টুরিন (Green Aventurine) – সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে গণ্য করা হয় এই ক্রিস্টালকে। এটি ধারণ করলে জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যায় বলে দাবি করা হয়।
আরও পড়ুন: প্রেসার কুকারের জেদি দাগ তোলার সহজ উপায়
৩. রোজ কোয়ার্টজ (Rose Quartz)- প্রেম বা সম্পর্কজনিত সমস্যা দূর করার জন্য অনেক জ্যোতিষীই এই ক্রিস্টালের ব্রেসলেট পরার পরামর্শ দেন।
৪. অ্যামিথিস্ট (Amethyst) – সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করতে, মানসিক চাপ কমাতে এবং নেতিবাচক শক্তির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করতে এই ক্রিস্টাল বিশেষভাবে কার্যকর বলে বিশ্বাস করা হয়।
আর পড়ুন: পায়ের তলায় সোনার সড়ক! দুবাইয়ে তৈরি হচ্ছে পৃথিবীর প্রথম ২৪ ক্যারেট স্বর্ণখচিত হাঁটার রাস্তা
৫. টাইগার্স আই (Tiger’s Eye) – এটি মানসিক বিভ্রান্তি দূর করতে ও সিদ্ধান্তহীনতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে কার্যকরী বলে মনে করা হয়।
৬. সিট্রিন (Citrine) – সাফল্য ও সম্পদ আকর্ষণের জন্য প্রায়শই সিট্রিন ব্যবহার করা হয়।
তবে, ক্রিস্টাল ব্রেসলেট আদৌ কার্যকর কি না, তা সম্পূর্ণ নির্ভর করে যিনি এগুলি ধারণ করেন, তাঁর ব্যক্তিগত বিশ্বাসের ওপর। বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও, ক্রিস্টাল মানসিক প্রশান্তি বজায় রাখতে ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে বলে অনেকেই বিশ্বাস করেন।



