Ashwini Vaishnaw: ‘দেশে ইলেকট্রনিক্স উৎপাদন শিল্পে ২৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে’, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবImage Credit: PTI
নয়াদিল্লি: দেশে ইলেকট্রনিক্স উৎপাদন শিল্পে ২৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে শুধুমাত্র মোবাইল উৎপাদন শিল্পেই কর্মরত ১২ লক্ষ মানুষ। এমনই জানালেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একটি সংবাদ প্রতিবেদনের তথ্য যাচাই করে তা খারিজ করে দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অশ্বিনী বৈষ্ণব। সেখানে মোবাইল উৎপাদন সংক্রান্ত প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (PLI) প্রকল্পের পরিসংখ্যান তুলে ধরেন তিনি।
কী জানালেন অশ্বিনী বৈষ্ণব?
এক্স হ্যান্ডলে ওই পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী জানান, এই প্রকল্পে সরকার ১৯ হাজার কোটি টাকা ইনসেনটিভ দিয়েছে। এর পর প্রত্যক্ষ কর সংগ্রহ হয়েছে ২৫ হাজার কোটি টাকা। এবং জিএসটি বাবদ সংগ্রহ হয়েছে ৩ লক্ষ কোটি টাকা। বিপুল কর্মসংস্থানের কথাও উল্লেখ করেন তিনি। জানান, ইলেকট্রনিক্স উৎপাদন শিল্পে কর্মসংস্থান হয়েছে ২৫ লক্ষ মানুষের। তার মধ্যে শুধুমাত্র মোবাইল উৎপাদন শিল্পেই কাজ পেয়েছেন ১২ লক্ষ মানুষ। শেষে ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে খোঁচা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, “বাস্তবতা মেনে নিতে আরও চেষ্টা করো।”
ভারতে স্মার্টফোনের চাহিদা ক্রমশ বাড়ছে। প্রায় ৩ লক্ষ টাকা দাম হওয়া সত্ত্বেও স্টক শেষ হয়ে গিয়েছে ‘আইফোন ডুও’ (iPhone Duo)। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে প্রিমিয়াম স্মার্টফোনের বিপুল চাহিদারই প্রতিফলন এটা। তারই পরিপ্রেক্ষিতে কয়েকদিন আগে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন, আগামী দু’বছরের মধ্যে অর্থাৎ ২০২৮ সালের অক্টোবরের মধ্যে, ভারতের নিজস্ব স্মার্টফোন ব্র্যান্ড তৈরি হতে পারে। ভারতীয় নকশা, উৎপাদন এবং মেধাস্বত্বের সমন্বয়ে তৈরি সেই ব্র্যান্ড অ্যাপল ও স্যামসাংয়ের মতো বিশ্বখ্যাত সংস্থাগুলিকে টক্কর দিতে পারবে বলে আশা করা হচ্ছে।
২০২৬ সালের ২৩ অক্টোবর দিল্লিতে একটি বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই লক্ষ্য পূরণের জন্য দু’বছরের সময়সীমা বেঁধে দেন অশ্বিনী বৈষ্ণব। উপস্থিত ব্যক্তিদের এই তারিখটি মনে রাখারও আহ্বান জানান তিনি। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ২০২৮ সালের ২৩ অক্টোবরের মধ্যে ভারতে এমন মোবাইল ফোন তৈরি হবে, যার নকশা, উৎপাদন এবং ব্র্যান্ডিং—সবই হবে সম্পূর্ণ দেশীয় উদ্যোগে।
এমন সময়ে মন্ত্রীর এই বক্তব্য সামনে আসে, যখন বিশ্বব্যাপী ইলেকট্রনিক্স সরবরাহ শৃঙ্খলে নিজেদের অবস্থান আরও মজবুত করার চেষ্টা চালাচ্ছে ভারত। সাম্প্রতিক বছরগুলিতে দেশে স্মার্টফোন উৎপাদন অনেকটাই বেড়েছে। এবার কেন্দ্রীয় মন্ত্রী জানালেন, মোবাইল উৎপাদন শিল্পে বিপুল কর্মসংস্থানের কথা।



