0%

দিতে পারল না একটাও, ভারতের কাছে ১৩-০ গোলে লজ্জার হার বাংলাদেশের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ভারতের সামনে কুপোকাত বাংলাদেশ (Bangladesh)। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে পা রেখেই টিম ইন্ডিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের পুরুষ হকি দল (Hockey)। দেশের মাটিতে দাঁড়িয়ে ওপার বাংলার ছেলেদের 13 গোল খাওয়ালেন ভারতীয় হকি প্লেয়ারেরা। পাল্টা গোল করার চেষ্টা করলেও একটিও সাফল্য ধরা দেয়নি বাংলাদেশের ঝুলিতে। তাতে হকিতে একপ্রকার মুখ পুড়ল পদ্মা পাড়ের দেশের।

বাংলাদেশকে বিধ্বস্ত করে ছাড়ল ভারত

আন্তর্জাতিক হকি ফেডারেশনের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 27 নম্বরে। যেখানে ভারত রয়েছে অষ্টম স্থানে। তালিকার এই পার্থক্য ধরা পড়ল হকির মাঠেও। এদিন ম্যাচের একেবারে শুরু থেকেই বাংলাদেশের রক্ষণভাগকে বোকা বানিয়ে ক্রমাগত আক্রমণ করে গেছে ভারত। পাল্টা আক্রমণে যাওয়া তো দূরের কথা বরং ভারতের আক্রমণ সামলাতে গিয়েই নাকের জলে চোখের জলে হয়েছে পিটার গেরহার্ডের ছেলেরা।

এদিন ম্যাচের প্রথমার্ধেই বাংলাদেশকে চার গোল খাইয়ে ক্ষমতা দেখিয়েছিল ভারত। পরবর্তী সময়ের খেলা শুরু হলে নিজেদের ব্যর্থতার বৃত্ত ছাড়িয়ে বেরোতে পারেনি ওপার বাংলার দল। আটকে থাকতে হয়েছে সেখানেই। ভারতের বিরুদ্ধে লড়াই করে গোল করার চেষ্টা করলেও বারবার মুখ থুবড়ে পড়েছে তারা। অন্যদিকে বাংলাদেশের দুর্বলতাকে কাজে লাগিয়ে ক্রমাগত গোল করে গিয়েছে ভারত। এদিন ম্যাচের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত গোল করে বাংলাদেশকে 13 গোলের মালা পরিয়েছে ভারত। দেশের হয়ে এদিন সবচেয়ে বেশি অর্থাৎ তিনটি গোল করেছিলেন মনদীপ সিং।

বলাই বাহুল্য, এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার কথা ছিল না বাংলাদেশের। তবে শেষ পর্যন্ত পাকিস্তান টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় সুযোগ হয়ে যায় ওপার বাংলার দলের। তবে প্রথম ম্যাচে নেমে ভারতের কাছে গো হারা হারতে হল তাদের। আর এই পরাজয়ের ধাক্কা বুকে নিয়েই আগামীকাল অর্থাৎ 29 অক্টোবর জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ।

৫ এর মধ্যে ৪ আসনেই জয় বিজেপির, উত্তরপ্রদেশের MLC নির্বাচনেও গেরুয়া ঝড়

উল্লেখ্য, হকিতে বাংলাদেশের বড় ব্যবধানে পরাজয় এটাই প্রথম নয়। এর আগেও বহুবার বড় ব্যবধান রেখেই হেরেছে ওপার বাংলার ছেলেরা। 1978 সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক হকি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সে বছরই ব্যাংককে পাকিস্তানের কাছে 17-0 ব্যবধানে হারতে হয়েছিল বাংলাদেশিদের। এরপর অবশ্য বেশ কয়েকবার বড় ব্যবধানে পরাস্ত হলেও 17-0 ব্যবধানের সেই হার আজও বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker