Gaighata: গাইঘাটায় ফের খুন, ধানক্ষেতে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামীর গলা কাটা দেহ | Another Murder In Gaighata

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের শিরোনামে গাইঘাটা (Gaighata)। ধর্ষণ-খুনের ঘটনার পর এবার ধানক্ষেত থেকে উদ্ধার হল এক ব্যক্তির গলা কাটা দেহ। বুধবার দুপুরের ঘটনা। গাইঘাটার বর্ণবেরিরিয়া রাজবংশী পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। যেই ঘটনায় সন্দেহের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, মৃত ওই ব্যক্তি স্থানীয় প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামী।
ধান ক্ষেত থেকে উদ্ধার গলাকাটা মৃতদেহ
মৃতের নাম বাসুদেব দাস। তিনি গাইঘাটা থানার নোড়াদহ এলাকার বাসিন্দা ছিলেন। পেশায় কৃষক বাসুদেব বাবুর স্ত্রীয়ের অভিযোগ, নাড়ুগোপাল বিশ্বাস ও তাঁর স্ত্রী ঋতুপর্ণা দাস একেবারে চক্রান্ত করে তাঁর স্বামীকে হত্যা করেছে। নিহত বাসুদেবের স্ত্রীয়ের বক্তব্য, ঋতুপর্ণার সাথে তাঁর স্বামীর সম্পর্ক ছিল বলেই অনুমান করেছিলেন তিনি। এমনকি ঋতুপর্ণার পেছনে প্রচুর টাকা পয়সাও খরচ করেছিলেন বাসুদেব। তাঁর থেকে বহুবার প্রয়োজনে-অপ্রয়োজনে টাকা নিয়েছেন ঋতুপর্ণা নামক ওই মহিলা। সেই সংক্রান্ত বিবাদ থেকেই খুন করা হতে পারে বলেই ধারণা করছেন তিনি।
মৃতের স্ত্রীয়ের অভিযোগের ভিত্তিতে নাড়ুগোপাল বিশ্বাসকে ইতিমধ্যেই আটক করেছে গাইঘাটা থানার পুলিশ। তাঁকে হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। যদিও এই ঘটনায় ঋতুপর্ণা নামক অভিযুক্তের তরফে কোনও রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নাড়ুগোপাল অবশ্য বাসুদেবকে খুনের অভিযোগ অস্বীকার করেছে। সবমিলিয়ে, আতঙ্কের গাইঘাটায় নতুন করে তৈরি হল ভয়ের পরিবেশ!
বাংলাদেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রো প্রকল্পে ১৭ হাজার কোটির বরাত পেল ভারতীয় সংস্থা
উল্লেখ্য, সদ্য গাইঘাটায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত এক যুবককে এনকাউন্টার করে পুলিশ। জানা গিয়েছে, ঘটনার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করে সোমবার রাতে ওই ঘটনার পুনর্নির্মাণ করতে তাঁকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। ঠিক সেই সময় পুলিশের কাছ থেকে আগ্নেয়াস্ত্র চিনিয়ে পালানোর চেষ্টা করে ওই যুবক। জানা গিয়েছে, আত্মরক্ষা করতে পুলিশও যুবককে লক্ষ্য করে গুলি চালায়, তাতেই মৃত্যু হয় অভিযুক্তের।



