Swasthya Sathi: ফেরাতে হবে স্বাস্থ্যসাথী কার্ড, মেডিক্যাল ভাতা! সরকারের নির্দেশ নিয়ে যা বলছেন শিক্ষকরা | Teachers Directed To Refund Medical Allowance

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগে সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত পেনশনারদের নামে থাকা সমস্ত স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) এবং আয়ুষ্মান কার্ড বাধ্যতামূলকভাবে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যের তরফে। আর এবার শিক্ষক শিক্ষিকাদের স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card for Teachers) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হল। এখানেই শেষ নয়, যে সময় থেকে স্বাস্থ্যসাথী কার্ড ও সরকারের থেকে চিকিৎসা সংক্রান্ত ভাতা দু’টি পরিষেবাই তাঁরা উপভোগ করছিলেন, সেই সময়ের জন্য পাওয়া মেডিক্যাল ভাতাও ফেরত দিতে হবে। আর তাতেই মাথায় হাত শিক্ষকদের।
শিক্ষকদের প্রতি কড়া নির্দেশ সরকারের
সম্প্রতি সরকারি কর্মী এবং পেনশনারদের উদ্দেশে রাজ্যের অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। যেখানে স্পষ্ট জানানো হয়েছিল যে, সরকারী কর্মী ও পেনশনভোগী যাঁরা ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিমের অধীনে রয়েছেন তাঁদের নিজের নামে বা পরিবারের সদস্যদের নামে যতগুলি স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে, তাঁদের সেগুলি জমা করতে হবে। সেই নিয়ে বেশ বিতর্কও উঠেছিল। এদিকে কোনও কোনও ক্ষেত্রে মমতা সরকারের আমলে শিক্ষকদের একাংশ এই স্বাস্থ্য সাথী কার্ড এবং মেডিক্যাল ভাতা এক সঙ্গে পেয়েছেন। তাই এবার তা বন্ধ করতে চাইছে সরকার।
পুজোর ছুটি শেষেই গ্রামে বদলি হবেন শহুরে শিক্ষকরা, বড় পদক্ষেপ শিক্ষা দফতরের
মিশ্র প্রতিক্রিয়া শিক্ষক সংগঠনগুলির
প্রশাসনের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, যে সময় থেকে শিক্ষক শিক্ষিকারা স্বাস্থ্যসাথী এবং সরকারি মেডিকেল ভাতা এই দু’টি পরিষেবার সুবিধা পেয়েছেন, সেই সময়ের জন্যে পাওয়া মেডিক্যাল ভাতা ফেরত দিতে হবে। ইতিমধ্যেই জেলায় জেলায় এই নির্দেশ পাঠানো হয়েছে। এদিকে সরকারের নির্দেশাবলী নিয়ে শিক্ষক সংগঠনগুলির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকের দাবি, “একজন শিক্ষক যেমন দু’ভাবে সরকারের থেকে একই বিষয়ের সুবিধা নিতে পারেন না। তবে যে ভাবে মেডিক্যাল ভাতার টাকা ফেরত দিতে বলা হয়েছে সেটাও না করাই উচিত ছিল। কারণ, বিগত সরকারই এত বছর দু’টি প্রকল্প একসঙ্গে চলতে দিয়েছে।”
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের মতে, ”এই অন্যায় যদি কেউ করে থাকেন সেটা ঠিক করেননি। সম্মানজনক পেশায় থেকে কোনও শিক্ষক এই কাজ করলে সেটা সব শিক্ষক সমাজের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ে।’’ অন্যদিকে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধ্রুবশেখর মণ্ডল জানান, “দুটি সরকারি সুবিধা একই সঙ্গে নেওয়াকে কোনও ভাবেই সমর্থন করি না। তবে মাসে যে মেডিক্যাল ভাতা মেলে, সেটা একেবারেই যথেষ্ট নয়। তাই আমরা বারবার স্কুলের শিক্ষকদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছি।”
শিক্ষক নিয়োগের দাবিতে ১১৩ দিনের লড়াই, মাথা মুড়িয়ে আমরণ অনশনে কেরলের যোগ্য প্রার্থী
প্রসঙ্গত, ২০১৬ সালের ৩০ ডিসেম্বর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যসাথী প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু করেছিলেন। যা পরে ১ ফেব্রুয়ারি ২০১৭ থেকে কার্যকর হয়। এর মাধ্যমে একটি পরিবারের জন্য বছরে সর্বোচ্চ ৫ লক্ষ চিকিৎসার খরচ পাওয়া যেত। কিন্তু রাজ্যে পালাবদলের পর এবার শেষে স্বাস্থ্যসাথী প্রকল্প বন্ধ করল বিজেপি সরকার। চালু করা হল আয়ুষ্মান ভারত। এছাড়াও চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা।



