0%

ইজরায়েলে ‘অচলাবস্থা’, মসনদে কে এলে ভারতের লাভ? কী অঙ্ক গাজা, ইরানের

এখনও পরিষ্কার নয় ইজরায়েলে কে ক্ষমতায় আসবে। বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট পেতে পারেন ৪৮টি আসন। অন্যদিকে নেতানিয়াহু পেতে পারেন ৫৩টি আসন। অর্থাৎ ‘ম্যাজিক ফিগার’ ৬১ থেকে দূরে দুই পক্ষই। আরব দলগুলির দখলে ১৯টি আসন। এখন ক্ষমতায় আসার অঙ্ক কী হবে তা নিয়ে নানা জল্পনা রয়েছে। তার মধ্যেই শুরু হয়েছে আলোচনা। যদি নেতানিয়াহু ক্ষমতায় আসতে না পারেন তাহলে কি অন্য দেশগুলির সঙ্গে ইজরায়ের রাজনৈতিক সম্পর্কে বদল আসবে? মসনদে কে এলে ভারতের লাভ? কী অঙ্কই বা গাজা, ইরানের জন্য।

প্রথমেই আসা যাক দিল্লি প্রসঙ্গে। ভারত-ইজরায়েল সম্পর্ক এখন আর কেবল অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নেই। এর পরিধি এখন যৌথ উৎপাদন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, কৃষি, মহাকাশ গবেষণা এবং বাণিজ্যের মতো বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। মনে রাখতে হবে, গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইজরায়েল সফর এই সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। মোদি এবং নেতানিয়াহুর ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। কিন্তু এই সম্পর্ক কেবল তাঁদের ব্যক্তিগত বন্ধুত্বের উপরে নির্ভরশীল নয়। প্রতিরক্ষা চুক্তি, প্রযুক্তি হস্তান্তর এবং গবেষণা প্রকল্পগুলি বহু বছর ধরেই গড়ে উঠেছে। তাই জেরুজালেমে নতুন কোনও নেতৃত্বের আগমন ঘটলেও এই ধরনের উদ্যোগে বড় কোনও পরিবর্তন আসবে না। সব মিলিয়ে কূটনৈতিক সম্পর্কে তেমন কোনও নতুন সমীকরণও তৈরি হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ভারতকে একই সঙ্গে দুটি পথে চলতে হবে। একদিকে ইজরায়েলের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করা, অন্যদিকে আরব দেশগুলি ও ইরানের সঙ্গেও আলোচনার পথ খোলা রাখা।

তবে অন্য ক্ষেত্রে বিষয়টা কিন্তু জটিল। ইরানের সঙ্গে ইজরায়েলের অচলাবস্থা এখনও কাটেনি। গাজার ভবিষ্যৎ অনিশ্চিত। লেবাননে উত্তেজনা রয়েছে এবং ওয়েস্ট ব্যাঙ্কে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। যদি নেতানিয়াহু মসনদে ফিরতে না পারেন, আইজেনকোট প্রধানমন্ত্রী হন, সেক্ষেত্রে ইরান ও হামাসের বিষয়ে কঠোর অবস্থানের পক্ষেই থাকবেন তিনি। প্যালেস্তিনীয় রাষ্ট্র গঠনের ধারণারও বিরোধী তিনি। অর্থাৎ প্রধানমন্ত্রী বদলালেও কৌশল হয়তো বদলাবে না। তবে নেতানিয়াহুর সঙ্গে তাঁর মতপার্থক্য রয়েছে অভ্যন্তরীণ বিষয়ে— যেমন সরকার পরিচালনার পদ্ধতি, জোট গঠনের শর্তাবলি এবং অতি-রক্ষণশীল ইহুদিদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার মতো বিষয়গুলো। সেটুকু বাদ দিলে ইজরায়েলের মসনদে পরিবর্তন তেমন বড় কোনও পরিবর্তন আনতে পারবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker