AI-এর সাহায্যে মদ তৈরি, খেয়ে মৃত ১৩! তদন্ত নেমে চক্ষু চড়কগাছ পুলিশের

সম্প্রতি মধ্যপ্রদেশে ‘বিষমদ’ পান করে ১৩ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় ১১ জনকে। মূল অভিযুক্ত ২৬ বছরের অজয় রাঠোর। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্যে বাড়িতে রাসায়নিক ও জল মিশিয়ে মদ তৈরির পদ্ধতি শিখেছিল ওই অভিযুক্ত। সেই ভেজাল মদ খেয়েই বেঘোরে প্রাণ গিয়েছে তেরো জনের।
এই ঘটনা মধ্যপ্রদেশের দেওয়াস জেলার। বুধবার দেওয়াস কোতোয়ালি থানার পুলিশ আধিকারিক শশীকান্ত চৌরাসিয়া জানিয়েছেন, এই ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে অজয় রাঠোর নামের যুবক এআই ব্যবহার করে বাড়িতে মদ তৈরির পদ্ধতি শিখেছিলেন। রাসায়নিক ও জল মিশিয়ে তৈরি করা ভেজাল মদের সঙ্গে আসল মদ মিশিয়ে তা বিক্রি করতেন তিনি। তদন্তকারীদের দাবি, সংগ্রহ করা লাইসেন্সপ্রাপ্ত মদের খালি বোতলে ওই মদ ভরে বিক্রি করা হত। মূলত গ্রামীণ এলাকাতেই এই ভেজাল মদ বিক্রি করা হত বলে জানিয়েছে পুলিশ।
তদন্তে সূত্রে জানা গিয়েছে, ২ থেকে ৬-৭ অক্টোবরের মধ্যে একটি বাড়িতে ভেজাল মদ তৈরি করা হয়েছিল। এই কাজে যুক্ত ছিলেন লোহার পিপলিয়ার বাসিন্দা গোবিন্দ এবং গাধেশ্যা পিপলিয়ার বাসিন্দা রামেশ্বর। ৭ অক্টোবর থেকে ১২ অক্টোবরের মধ্যে ওই ভেজাল মদ বিক্রি করা হয়েছিল বলে খবর। পুলিশ ইন্দোরের সেই গুদামটিও সিল করেছে, যেখান থেকে রাসায়নিক সরবরাহ করা হয়েছিল। ২৭ সেপ্টেম্বর থেকে ভেজাল মদ খেয়ে মৃত্যুমিছিল শুরু হয়। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৩। এআই দিয়ে মদ তৈরির বিষয়টি জানতে পেরে চমকে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
শেয়ার
লিংক



