0%

বিরাট রদবদল মুম্বই ইন্ডিয়ান্সে, আইপিএলের আগেই ‘ছাঁটাই’ তিন তারকা!

আইপিএল ২০২৭-এর আগে কোচিং বিভাগে বড়সড় রদবদল মুম্বই ইন্ডিয়ান্সে। নয়া হেডকোচ করে আনা হয়েছে কাইরন পোলার্ডকে। তাঁর হাতে দায়িত্ব দিয়ে কোচিং বিভাগ নতুন করে সাজানোর পথে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। এবার লাসিথ মালিঙ্গা, পরস মামব্রে ও কার্ল হপকিনসনকে বিদায় জানাল ফ্র্যাঞ্চাইজিটি। বৃহস্পতিবার তিন কোচের বিদায়ের কথা জানানো হলেও তাঁদের পরিবর্তে কারা আসছেন, তা এখনও খোলসা করা হয়নি।

মুম্বইয়ের সঙ্গে মালিঙ্গার সম্পর্ক দীর্ঘদিনের। তাঁর ঝুলিতে রয়েছে চারটি আইপিএল খেতাব। ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জয়েও বড় অবদান রাখেন তিনি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও মেন্টর ও কোচ হিসাবে মুম্বইয়ের সঙ্গে যুক্ত ছিলেন মালিঙ্গা। তাঁর বিদায়ে দলের কোচিং বিভাগে একটা যুগ শেষ হল। মামব্রেও মুম্বইয়ের পরিচিত মুখ। ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত দলের সঙ্গে যুক্ত থাকার পরে ২০২৪ সালে ফের কোচিং বিভাগে প্রত্যাবর্তন হয় তাঁর। বোলারদের দক্ষতা বাড়ানো এবং বোলিং বিভাগকে শক্তিশালী করে তোলাই লক্ষ্য ছিল মামব্রের।

ইংল্যান্ড দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে ২০২৫ সালের মরশুমের আগে মুম্বইয়ে যোগ দিয়েছিলেন হপকিনসন। দলের ফিল্ডিংয়ের মান উন্নত করার দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। এবার তাঁকেও বিদায় জানাল ফ্র্যাঞ্চাইজিটি। পোলার্ডকে হেডকোচের দায়িত্ব দেওয়ার পর থেকেই মুম্বইয়ের কোচিং কাঠামোয় পরিবর্তনের জল্পনা তৈরি হয়েছিল। আইপিএল থেকে অবসর নেওয়ার পরে বেশ কয়েক মরশুম দলের ব্যাটিং কোচ হিসাবে কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার। এবার প্রধান কোচের ভূমিকায় তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ।

গত কয়েক বছরে একেবারেই চেনা ছন্দে নেই মুম্বই। দলের মধ্যে কোন্দলের বহু খবর প্রকাশ্যে এসেছে। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্ব নিয়ে প্রশ্ন আছে। তেমনই রোহিত, বুমরাহ, সূর্যকুমারদের সংসারে ঝড় উঠেছে। ফলে পোলার্ডের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দলের সংহতি ফিরিয়ে আনা। জয়বর্ধনে কোচ হয়ে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করেছিলেন। এবার দেখার একঝাঁক প্রাক্তন সতীর্থকে পোলার্ড একসঙ্গে কীভাবে সামলান। তিনি কেমন কোচিং দল পাবেন, তা এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে, তাঁর সহকারীদের নাম শীঘ্রই ঘোষণা করা হবে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker