নীতিন গড়কড়ির নাগপুরে বিজেপিকে হারিয়ে MLC নির্বাচনে জয়লাভ কংগ্রেসের

সৌভিক মুখার্জী, কলকাতা: কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়কড়ির নিজের কেন্দ্র নাগপুরে (Nagpur) এবার জয়লাভ কংগ্রেসের। টানা ৪০ ঘণ্টার বেশি সময় থেকে চলা গণনার পর্বের পর অবশেষে মহারাষ্ট্র বিধান পরিষদ নির্বাচনে নাগপুর বিভাগীয় স্নাতক আসনের ফলাফলে বিজেপির প্রার্থী সুধাকর কোহালেকে ৩২৭১ ভোটে পরাজিত করে নিজেদের আসন ধরে রাখলেন কংগ্রেসের প্রার্থী এমএলসি অভিজিৎ ওয়ানজারি। অবশেষে চার রাজ্যের এমএলসি নির্বাচনে খাতা খুলল বিরোধী কংগ্রেসের। এমনকি ক্ষমতাসীন মহাজুতি জোটকে তাদের শক্ত ঘাঁটিতে এবার বিরাট ধাক্কা দিল কংগ্রেস।
এমএলসি নির্বাচনে জয় পেল কংগ্রেস
নাগপুর বিভাগীয় স্নাতক আসনে এই লড়াই শুরু থেকেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রাথমিক গণনার ক্ষেত্রে প্রথম দুই রাউন্ডে মোট ভোট গণনার পর বিজেপির প্রাক্তন বিধায়ক সুধাকর কোহালে ৪২৯৪ ভোটে এগিয়ে যান। কোহালে পেয়েছিলেন ৬০,৯২৪টি ভোট, যেখানে কংগ্রেসের প্রার্থী পেয়েছিলেন ৫৬,৬৩০টি ভোট। অন্যদিকে নির্দল প্রার্থী নীতীশ করালে ২৪,২৪৯টি ভোট সংগ্রহ করেন। যার ফলে কোনও প্রার্থী সরাসরি কোটা পূরণ করতে পারেননি।
উৎসবের মরশুমে ফের বদলে গেল সোনা, রুপোর দাম!
তবে প্রথম ধাপের ভোটের প্রয়োজনীয় কোটা পূরণ না হওয়ায় গণনা গড়ায় দ্বিতীয় রাউন্ডের ভোটে। দীর্ঘ ৪০ ঘণ্টার গণনার পর এলিমিনেশন রাউন্ডে সুধাকর কোহালেকে টপকে যান ওয়ানজারি। চূড়ান্ত ফলাফল বের হলে দেখা যায়, অভিজিৎ ওয়ানজারি মোট ৬৭,২৩১ ভোট পেয়েছেন, যেখানে বিজেপির সুধাকার কোহালে পেয়েছেন ৬৩,৯৬০ ভোট। যদিও চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই গণনার গতি বুঝতে পেরে ফলাফল মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিজেপির প্রার্থী। কিন্তু তিনি স্নাতক ও শিক্ষক নির্বাচনী এলাকায় ভোট দান প্রক্রিয়ার কার্যকরিতা নিয়ে প্রশ্ন তোলেন।
সুধাকরের দাবি, শেষ কয়েকটি রাউন্ডের ট্রেন্ড দেখেই বোঝা যাচ্ছিল, ফল কংগ্রেসের দিকে ঝুঁকছে এবং জনগণের যে কোনও রায় মাথা পেতে নিতে প্রস্তুত। উল্লেখ্য, নাগপুর স্নাতক আসনটির রাজনৈতিক গুরুত্ব এমনিতেই বেশি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়গড়ির নিজস্ব নির্বাচনী এলাকা এটি। জাতীয় রাজনীতিতে প্রবেশের আগে নীতিন দীর্ঘদিন ধরেই এই আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিজেপির প্রার্থী কোহালের সমর্থনে উভয় হেভিওয়েট নেতাই ব্যাপক প্রচার চালিয়েছিলেন। তবে অবশেষে এই আসন ছিনিয়ে দিল কংগ্রেস।
আদালতের রায় সত্ত্বেও ডিএ মেলে না! রাজ্য সরকারকে তোপ মলয় মুখোপাধ্যায়ের
জানিয়ে রাখি, মহারাষ্ট্র বিধান পরিষদের মোট ৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সামগ্রিক ফলাফলে বিরোধী মহা বিকাশ আঘারি এবং শাসক মহাজুতি উভয় দল দুটি করে আসন জেতে। বিজেপি একটি আসনে জয়লাভ করে এবং তাদের জোটসঙ্গী শিবসেনা একটি আসন পায়। তবে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি কোনও আসনেই জয়লাভ করতে পারেনি। অন্যদিকে নাগপুরে কংগ্রেসের এই জয়ের পাশাপাশি শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি দুটি আসনে জয়লাভ করেছে।



