রায়গঞ্জে AIIMS, জলপাইগুড়িতে ক্যানসার হাসপাতাল! উত্তরের স্বাস্থ্য পরিষেবায় ঢালাও ঘোষণা মুখ্যমন্ত্রীর

SOBDIK NEWS: বিধানসভা নির্বাচনের সময় দেওয়া সব প্রতিশ্রুতি একের পর এক পূরণ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত এপ্রিল মাসে উত্তরবঙ্গে ভোটপ্রচারে এসে এইমস নির্মাণ সহ স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজানোর কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই অনুযায়ী রায়গঞ্জে রাজ্যের দ্বিতীয় এইমস (Raiganj AIIMS) তৈরির কথা জানালেন মুখ্যমন্ত্রী।
উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)
বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রথমে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। এরপর কর্ণজোড়ার তিস্তা ময়দানে জনপরিষেবা প্রদান কর্মসূচি করেন তিনি। সেখান থেকেই তিনি জানান, রায়গঞ্জের দিকনগরে এইমস তৈরির প্রস্তাব পাঠাবে বলে ঠিক করেছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ কলকাতা ও হলদিয়া বন্দর নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের! ড্রেজিংয়ের জন্য বরাদ্দ ৪৩০.৬৮ কোটি টাকা
শুভেন্দু বলেন, “আপনাদের দীর্ঘদিনের দাবির কথা মাথায় রেখে রাজ্য সরকার ঠিক করেছে রায়গঞ্জের দিকনগরে এইমস তৈরির প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাব। সব ঠিকঠাক থাকলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে দিকনগরে ভূমিপুজো অনুষ্ঠানে আসব।“
রায়গঞ্জের পাশাপাশি জলপাইগুড়ি নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “জলপাইগুড়িকেও নিরাশ করব না। ওখানে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল তৈরি করা হবে। এর পাশাপাশি আজ ৩০টি কর্মসূচির উদ্বোধন করা হল। এগুলি আপনাদের কল্যাণে কাজে আসবে এবং ৮৩টি কর্মসূচির শিলান্যাস করা হয়েছে। সেগুলিও আপনাদের সবার উপকারে লাগবে।“
এদিনের সভা থেকে শুভেন্দু জানান, উত্তর দিনাজপুরের জন্য আরও বেশ কিছু উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। তিনি বলেন, “হাসপাতালগুলির চেহারা বদলে দেব। স্মার্ট স্কুল তৈরি হবে। ইতিমধ্যেই দমকলের ৬টি গাড়ি, ১০টি ট্রমা অ্যাম্বুলেন্স এসেছে। প্যাথলজিক্যাল সেন্টার, প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র থেকে অমৃত, এই জেলার ব্লক হেলথ সেন্টার ও ইসলামপুর, রায়গঞ্জ… আমরা দ্রুত পরিষেবা দেওয়ার কাজ শুরু করব।“
উত্তরবঙ্গের বুকে এইমসের দাবি দীর্ঘদিনের। অবশেষে তাঁদের সেই দাবি পূরণ করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এর ফলে উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় যে আমূল বদল আসবে তা আর বলার অপেক্ষা রাখে না।



