মহার্ঘ ভাতায় এগিয়ে কেন্দ্র, ছুটির বেলায় বাজিমাত বাংলার!

SOBDIK NEWS: ডিএ বা মহার্ঘ ভাতার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ফারাক এখনও অনেকটাই। সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের ডিএ ২০ শতাংশ বাড়লেও কেন্দ্রের কর্মীদের তুলনায় তাঁরা এখনও ২৫ শতাংশ পিছিয়ে। তবে ছুটির হিসেব করলে ছবিটা আবার অন্যরকম। কারণ, কেন্দ্রীয় কর্মীদের তুলনায় বাংলার রাজ্য সরকারি কর্মীরা অনেক বেশি ছুটি পান। এবার ২০২৭ সালের কেন্দ্রীয় সরকারি অফিসের ছুটির তালিকাও প্রকাশ্যে এসেছে। সেই তালিকা সামনে আসতেই কেন্দ্র ও রাজ্যের ছুটির হিসেব নিয়ে আলোচনা শুরু হয়েছে।
২০২৭ সালে কতদিন ছুটি পাবেন সরকারি কর্মীরা (Government Employees)?
কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৭ সালে কেন্দ্রীয় সরকারি অফিসে মোট ১৭ দিন সাধারণ ছুটি থাকবে। এর বাইরে আরও ৩২টি ঐচ্ছিক ছুটির তালিকা দেওয়া হয়েছে। এই ৩২টি ছুটির মধ্যে থেকে একজন কর্মী (Government Employees) নিজের পছন্দমতো দু’দিন ছুটি নিতে পারবেন। অর্থাৎ সব মিলিয়ে আগামী বছর কেন্দ্রীয় সরকারি কর্মীরা মোট ১৯ দিন ছুটি পাবেন।
অন্যদিকে, ২০২৭ সালের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা এখনও প্রকাশ করা হয়নি। সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে এই তালিকা প্রকাশ করে রাজ্য সরকার। এবার নতুন বিজেপি সরকার ছুটির নিয়মে কোনও বদল আনে কি না, সেটাই দেখার।
চলতি বছরে রাজ্য সরকারি কর্মীরা (Government Employees) মোট ৪৬ দিন ছুটি পেয়েছেন। এর মধ্যে এনআই অ্যাক্ট অনুযায়ী ২২ দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। এছাড়া রাজ্য সরকারের প্রশাসনিক নির্দেশে আরও ২৪ দিন ছুটি দেওয়া হয়। যদিও এই ছুটির কয়েকটি শনি ও রবিবার পড়েছিল।
এখানে একটি বিষয় রয়েছে। এনআই অ্যাক্টে যে ছুটি ঘোষণা করা হয়, তা রাজ্য সরকারি অফিসের পাশাপাশি ব্যাঙ্ক এবং কিছু বেসরকারি সংস্থার ক্ষেত্রেও কার্যকর হয়। কিন্তু প্রশাসনিক নির্দেশে যে ছুটি দেওয়া হয়, তা শুধুমাত্র রাজ্য সরকারি অফিস ও সংস্থাগুলির জন্য।
পুজোর ছুটির হিসেবেও কেন্দ্র ও রাজ্যের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কেন্দ্রীয় সরকারের ২০২৭ সালের তালিকায় দুর্গাপুজোর অষ্টমী ও দশমীর দিন সাধারণ ছুটি রাখা হয়েছে। সপ্তমী ও নবমীর ছুটি রয়েছে ঐচ্ছিক তালিকায়। তবে রাজ্য সরকারি কর্মীরা চলতি বছর পুজোয় অনেক বেশি ছুটি পেয়েছেন। পঞ্চমীর দিন থেকেই রাজ্য সরকারি অফিস বন্ধ হয়েছিল। লক্ষ্মীপুজোর একদিন পর অফিস খুলেছিল। অর্থাৎ পুজোর সময় টানা ১২ দিন ছুটি পেয়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা (Government Employees)। এছাড়াও নভেম্বর মাসে কালীপুজো, ভাইফোঁটা ও ছটপুজো মিলিয়ে টানা ১০ দিন বন্ধ থাকবে রাজ্য সরকারি অফিস।
আরও পড়ুনঃ দশম শ্রেণির পড়ুয়াদের জন্য বড় বদল CBSE-র! বাদ পড়ছে এই বিষয়, এবার থেকে কী কী পড়তে হবে?
অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) আগামী বছর দেওয়ালির জন্য মাত্র একদিন ছুটি দেওয়া হয়েছে। ভাইফোঁটা ও ছটপুজোর ছুটিও সাধারণ ছুটির তালিকায় নেই। এই দিনগুলিকে ঐচ্ছিক ছুটির তালিকায় রাখা হয়েছে। ফলে ডিএ-র ক্ষেত্রে কেন্দ্রীয় কর্মীরা এগিয়ে থাকলেও ছুটির ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের সুবিধা অনেকটাই বেশি।



