0%

শুক্রে খাড়গের বাসভবনে ‘জন মহাভিযোগ’, জ্ঞানেশ অপসারণে ‘ইন্ডি’ জোটের জনতার দরবার

এসআইআর-এ অনিয়মের অভিযোগে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আন্দোলনের উত্তাপ বাড়াচ্ছে ‘ইন্ডি’ জোট। প্রাথমিকভাবে শুক্রবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ‘নকল সংসদ’ বসানো হবে বলে জানা গিয়েছিল। পরবর্তীতে ওই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘জন মহাভিযোগ’। যেখানে মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের প্রস্তাব আনা হবে। প্রশ্ন হল, এই ‘জন মহাভিযোগ’ কীভাবে পরিচালিত হবে? এর কার্যপদ্ধতিই বা কেমন হবে?

বৃহস্পতিবার বৈঠক করে ইন্ডিয়া জোট। সেখানে উপস্থিত ছিলেন লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, জয়রাম রমেশ, নাসির হুসেন, মানিকম ঠাকুর এবং পবন খেরা। এছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়েন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মহুয়া মাজি এবং সমাজবাদী পার্টির হরেন্দ্র মালিক। প্রাথমিক পরিকল্পনা ছিল কর্মসূচিটিকে সংসদীয় কার্যক্রমের আদলে সাজানো, যেখানে সরকার ও বিরোধী পক্ষ একে অপরের মুখোমুখি হবে। একজন প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে বিতর্ক হবে।

যদিও এই পরিকল্পনা বদল করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, “গণ অভিযোগ” কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারকে। তাঁকে সহায়তা করবেন সমাজবাদী পার্টির একজন সাংসদ। যদিও এখন পর্যন্ত নাম চূড়ান্ত করা হয়নি। শুক্রবার দুপুর ৩টে থেকে শুরু হবে কর্মসূচি, চলবে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত। ‘গণ মহাভিযোগ’-এর সপক্ষে বক্তব্যের সূচনা করবেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। সমাপ্তি টানবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মাঝে ১৯টি রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখবেন। প্রত্যেকে ৫ মিনিট করে সময় পাবেন। তবে সমাজবাদী পার্টি ও তৃণমূল কংগ্রেসকে ১০ মিনিট করে সময় দেওয়া হয়েছে।

যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, সেই ভোটারদেরও ‘পিপল ইম্পিচমেন্টে’ বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। বক্তাদের মধ্যে সুশীল সমাজের তিনজন প্রতিনিধিও থাকবেন। সব মিলিয়ে ৩০ জন বক্তব্য রাখবেন। বিতর্কের সূত্র হবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি। কংগ্রেসের দাবি, নির্বাচন কমিশনের পরিচালিত এসআইআর প্রক্রিয়ার ফলে শুরুতে ১৩.৫ কোটি ভোটার ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমানে যা ১৬.৫ কোটিতে পৌঁছে গিয়েছে।

কংগ্রেস এবং ‘ইন্ডিয়া’ জোটের অন্তর্ভুক্ত সমস্ত দল তাদের ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পিপলস ইমপিচমেন্ট’ (গণ মহাভিযোগ) সরাসরি সম্প্রচার করবে। জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ পরিবেশনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি শেষ হবে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker