0%

আপুইয়াকে বিশ্রাম দিলেমপেরিসের, নেই মিগুয়েলও! পাঞ্জাব ম্যাচে কি খেলবেন ম্যাকলারেন?

হাসপাতাল থেকে ছুটি পেলেও মোহনবাগান অনুশীলনে নেই আপুইয়া। বৃহস্পতিবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে এসেছিলেন তিনি। কিন্তু মাঠে নামেননি। সূত্রের খবর, তাঁকে নামতে দেননি কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস। আসলে গত কয়েকদিন জ্বরে ভুগেছেন আপুইয়া। এখনও ম্যাচ খেলার মতো অবস্থায় নেই তিনি। তাই প্র্যাকটিস করানোর পরিবর্তে তারকা মিডফিল্ডারকে বিশ্রাম দিয়েছেন কোচ। 

শনিবার ঘরের মাঠে পাঞ্জাব এফসি-র মুখোমুখি হবে মোহনবাগান। আইএসএলের প্রথম ম্যাচে হারলেও পরপর জয়ে পয়েন্ট টেবলে প্রথম দিকেই রয়েছেন দিলেমপেরিসরা। তবে শেষ দু’ম্যাচের প্রতিপক্ষ এসসি দিল্লি কিংবা চেন্নাইয়িন এফসি-র থেকে এই ম্যাচে যে চ্যালেঞ্জ অনেকটাই বেশি, অজানা নয় সবুজ-মেরুন কোচের।

লিগে তিন ম্যাচে সাত পয়েন্ট পেয়েছে এখনও অপরাজিত থাকা পাঞ্জাব। ফলে কিছুটা ভিন্নভাবে পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। সেক্ষেত্রে চেন্নাইয়িন ম্যাচের দলে বেশকিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নিজের প্রাক্তন দল পাঞ্জাবকে অবশ্য আইএফএ শিল্ডে হারিয়েছেন দিলেমপেরিস। যা নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস দেবে তাঁকে। এই ম্যাচে খেলতে পারেন জেমি ম্যাকলারেন।

দলের সঙ্গে পুরোদমেই অনুশীলন করেছেন অজি তারকা। সূত্রের খবর, পাঞ্জাব ম্যাচে পরিবর্ত হিসাবে নামতে পারেন তিনি। যদিও আর এক বিদেশি মিগুয়েলের অনুশীলনে ফিরতে সময় লাগবে আরও কয়েকদিন। পাঞ্জাব ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কার্যত নেই। চলতি মরশুমে কলকাতা লিগ ও আইএফএ শিল্ড জিতেছে মোহনবাগান। আইএসএলে তিন ম্যাচে দু’টি জয়ও পেয়েছে। তবু দলের খেলা নিয়ে সমর্থকরা খুশি হতে পারছেন না। এই পরিস্থিতিতে কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস ও ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন মোহনবাগানের শীর্ষ কর্তারা। এখন দেখার, পাঞ্জাব ম্যাচে কেমন খেলেন অনিরুদ্ধ থাপা, মনবীর সিংরা। 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker