৫০০ টাকা আগেই বেড়েছে! বার্ধক্য ভাতা আরও বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

SOBDIK NEWS: রাজ্যে পালাবদলের পরেই বার্ধক্য ভাতা (Bardhakya Bhata), বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের ভাতা বেড়েছে। আগামী বাজেটে বার্ধক্য ভাতা আরও বাড়ানো হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি নতুন আবেদন কীভাবে করতে হবে, সেটাও জানিয়েছেন তিনি।
আরও বাড়ছে বার্ধক্য ভাতা | (Bardhakya Bhata)
শনিবার গড়বেতায় বিজেপির গণতন্ত্র বাঁচাও সভায় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে বার্ধক্য ভাতা, অন্নপূর্ণা যোজনা, আবাস যোজনা সহ একাধিক সরকারি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি।
শুভেন্দু বলেন, “রাজ্যের ৮৪ লক্ষ ভাতা প্রাপক ৫০০ টাকা করে বাড়তি পেয়েছেন। আগে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও বিশেষভাবে সক্ষমদের ভাতা হিসেবে ১ হাজার টাকা করে দেওয়া হত। এর মধ্যে ৮০০ টাকা কেন্দ্র ও ২০০ টাকা রাজ্য সরকার দিত। এখন কেন্দ্রের তরফে ৮০০ টাকা ও রাজ্যের তরফে ৭০০ টাকা করে দেওয়া হয়।“
আরও পড়ুনঃ টেট পাশদের ফেল দেখানোর অভিযোগ! ২০২৫ সালের প্রাথমিক নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা
এরপরেই বার্ধক্য ভাতা আরও বাড়ানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আগামী বাজেটে বিশেষত বার্ধক্য ভাতা আরও বাড়াব। এখনই বলে দিলাম। রাজ্যের প্রবীণদের ভালো রাখার দায়িত্ব আমাদের।“
শুভেন্দু জানান, বার্ধক্য ভাতায় নতুন আবেদনের জন্য ডিসেম্বর মাস অবধি অপেক্ষা করতে হবে। ডিসেম্বরে তিনদিনের জনকল্যাণ শিবির বসবে। সেখানে যারা আবেদন করবেন ও যারা সেবা সেতু ক্যাম্পে আবেদন করেছেন, তাঁরাই আগামীদিনে নতুন বার্ধক্য ভাতা প্রাপক হিসেবে সুবিধা পাবেন।
মুখ্যমন্ত্রী বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের করে যাওয়া তালিকা গ্রহণ করব না। আইপ্যাকের তৈরি করা তালিকা গ্রহণ করব না। নতুনভাবে স্বচ্ছ তালিকা তৈরি করা হবে।“
এদিন মুখ্যমন্ত্রী বার্ধক্য ভাতা আরও বাড়ানোর ঘোষণা করলেও কত টাকা বাড়ানো হবে তা জানাননি। মনে করা হচ্ছে, এবারও ৫০০ টাকা বাড়াতে পারে রাজ্য সরকার। যদিও কত টাকা বাড়ছে তা আগামী বাজেটেই স্পষ্ট হবে।



