0%

৩০ নভেম্বর অবধি সময়! সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রাজ্যের

SOBDIK NEWS: রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগী ও তাঁদের পরিবারের সদস্যরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পান। তবে তা সত্ত্বেও অনেকের কাছে স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card) বা আয়ুষ্মান কার্ড রয়েছে বলে জানতে পেরেছিল রাজ্য সরকার (Government of West Bengal)। আগামী ৩১ অক্টোবরের মধ্যে সেগুলি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেই সময়সীমা আরও এক মাস বাড়ানো হল।

সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় বিজ্ঞপ্তি | (Government of West Bengal)

গত ৯ অক্টোবর একটি বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানায়, সরকারি কর্মী, পেনশনভোগী ও তাঁদের উপর নির্ভরশীলরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম তথা রাজ্য স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাবেন। সরকারের নজরে এসেছে, এই প্রকল্পের আওতাভুক্ত হওয়া সত্ত্বেও অল ইন্ডিয়া সার্ভিসের কিছু কর্মী সহ কয়েকজন সরকারি কর্মী ও পেনশনভোগী স্বাস্থ্যসাথী কার্ড ও আয়ুষ্মান কার্ড বানিয়েছেন।

আরও পড়ুনঃ আরজি কর দুর্নীতি মামলায় নয়া মোড়! একাধিক শর্ত বেঁধে সন্দীপ ঘনিষ্ঠকে জামিন দিল হাইকোর্ট

এরপরেই অর্থ দফতরের তরফ থেকে নির্দেশিকা জারি করে ওই কার্ড জমা করতে বলা হয়। কার্ড জমা দেওয়ার প্রমাণপত্র সহ নির্ধারিত ঘোষণাপত্র জমা করতে হবে বলেও জানিয়েছিল রাজ্য। কর্মীদের ক্ষেত্রে তা সংশ্লিষ্ট দফতরের প্রধান ও পেনশনভোগীদের ক্ষেত্রে যেখানে ডব্লিউবিএইচএসের ফর্ম জমা করেন, সেখানে জমা করতে হবে বলে জানানো হয়।

রাজ্য জানিয়েছিল, ৩১ অক্টোবরের মধ্যে এই কাজ না করলে রাজ্য স্বাস্থ্য প্রকল্পের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সুবিধা সাময়িকভাবে স্থগিত করা হবে। পাশাপাশি সরকারি কর্মীদের ক্ষেত্রে শৃঙ্খলামূলক পদক্ষেপও নেওয়া হবে বলে জানানো হয়।

এরপরেই যেসব রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড, আয়ুষ্মান কার্ড ছিল তা জমা করার হিড়িক পড়ে যায়। কর্মীসংখ্যার দিকে নজর রেখে অনুমান করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা সম্ভব হবে না। এরপরেই ডেডলাইন বাড়াল রাজ্য।

শুক্রবার নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সরকারি কর্মী ও পেনশনভোগীদের স্বাস্থ্যসাথী কার্ড, আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হচ্ছে। ফলে ওই দিন অবধি কার্ড জমা করা যাবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker