ঘোষিত ছোটদের এশিয়া কাপে ভারতীয় দল, বৈভবদের হারের ‘বদলা’ নিতে ডাক দ্রাবিড়-শেহওয়াগ পুত্রদের

একসময় বাবারা পাকিস্তান তথা বিশ্ব ক্রিকেটকে শাসন করতেন। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে। কিন্তু সেই দাপট একই আছে। এবার বীরেন্দ্র শেহওয়াগ, রাহুল দ্রাবিড়ের ছেলেদের কাঁধে বড় দায়িত্ব। সামনেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। গতবার ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল বৈভব সূর্যবংশীরা। এবার এশিয়া কাপের দলে ডাক পেয়েছে দুই প্রাক্তন ক্রিকেটারের পুত্র আর্যবীর শেহওয়াগ ও অন্বয় দ্রাবিড়। গতবারের ‘বদলা’ নিতে পারবে দুই তারকাপুত্র?
৫ নভেম্বর থেকে শুরু হতে চলেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। গ্রুপ স্টেজে ভারতের প্রতিপক্ষ হতে চলেছে পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহী। ভারত-পাকিস্তান মহা মোকাবিলা ৮ নভেম্বর, অর্থাৎ দীপাবলির দিন। সেমিফাইনাল ১২ নভেম্বর ও ফাইনাল ১৫ নভেম্বর। ২০২৫-র অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান দল ভারতকে বিরাট ব্যবধানে হারায়। সেই দলে ছিল বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রেরা।
এবার বিসিসিআই যে দল ঘোষণা করেছে, তার অধিনায়ক লক্ষ্য রায়চন্দানি। দলে থাকা যশবর্ধন সিং চৌহান, কুশাগ্র ওঝারাও ভালো ফর্মে আছে। তবে বিশেষ নজরে থাকছে আর্যবীর-অন্বয়। ভারতের হয়ে অন্বয় এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে। ১৩৭.১৪-এর অসাধারণ স্ট্রাইক রেট ও ৩৭ গড়ে ১৪৮ রান করেছে। তার ঝুলিতে একটি অর্ধশতক রয়েছে। অন্যদিকে, আর্যবীর তিনটি ম্যাচে ৩৬.৩৩ গড়ে এবং ১০৩.৮০ স্ট্রাইক রেটে ১০৯ রান করেছে। দু’জনেই বিনু মানকড় ট্রফিতে নিজেদের দলের নেতৃত্ব দিয়েছে। একাধিক ম্যাচে সেঞ্চুরিও আছে।
উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে সিনিয়র শেহওয়াগ ও দ্রাবিড়ের একের পর এক অসাধারণ ইনিংস আছে। শেহওয়াগের টেস্ট ট্রিপল সেঞ্চুরি আসে মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে। কোচি থেকে করাচি, ওয়ানডেতেও সেঞ্চুরি করে ভারতকে ম্যাচ জিতিয়েছেন। অন্যদিকে কে ভুলতে পারে রাওয়ালপিণ্ডিতে দ্রাবিড়ের ২৭০ রানের ইনিংস। যা ভারতকে প্রথমবার পাকভূমে টেস্ট সিরিজ এনে দিয়েছিল। লাহোরে বিরাট রান তাড়া করে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন। এবার দায়িত্ব পরের প্রজন্মের কাঁধে।
শেয়ার
লিংক



