0%

বিজেপি জিতলেই উত্তরপ্রদেশে অভিন্ন দেওয়ানি বিধি, দলীয় বৈঠকে বড় ঘোষণা অমিত শাহের

উত্তরাখণ্ড, গুজরাট, অসম, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে ইতিমধ্যেই কার্যকর হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি (UCC)। সেই পথে হেঁটে এবার উত্তরপ্রদেশে কার্যকর হতে চলেছে একই আইন! শুক্রবার বিজেপির রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানালেন, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হলেই কার্যকর হবে এই আইন।

আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। ২৯-এর লোকসভা ভোটের আগে এই নির্বাচন বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। সেই লক্ষেই শুক্রবার লখনউয়ে দলীয় বৈঠক থেকেই শাহ বলেন, ‘আগামী ৩০ বছর উত্তরপ্রদেশে ক্ষমতায় আসতে পারবে না সমাজবাদী পার্টি। এই নিয়ে টানা তিনবার উত্তরপ্রদেশে সরকার গড়বে বিজেপি।’ একইসঙ্গে বৈঠক থেকে শাহ বলেন, ”ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে লাগু হয়ে গিয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। উত্তরপ্রদেশে বিজেপি ফের ক্ষমতায় এলে এখানেই কার্যকর করা হবে অভিন্ন দেওয়ানি বিধি।”

শুক্রবার লখনউয়ে দলীয় বৈঠক থেকেই শাহ বলেন, ‘আগামী ৩০ বছর উত্তরপ্রদেশে ক্ষমতায় আসতে পারবে না সমাজবাদী পার্টি।’

শুক্রবার লখনউয়ে ডঃ রাম মনোহর লোহিয়া ন্যাশনাল ল ইউনিভার্সিটি অডিটোরিয়ামে বিজেপির এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরী। পাশাপাশি ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক, জাতীয় সাধারণ সম্পাদক স্মৃতি ইরানির মতো নেতৃত্বরা। এখানেই শাহ বলেন, “উত্তরপ্রদেশের বিজেপি সরকার অঙ্গদের পায়ের মতো। কেউ একে নাড়াতে পারবে না। বিজেপি আবার সরকার গঠন করতে চলেছে। এ বিষয়ে কারও কোনও সন্দেহ থাকা উচিত নয়।”

প্রসঙ্গত, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। এদিকে দেশের সব রাজ্যে এই আইন চালু করার দাবিতে সরব হয়েছেন বিজেপি নেতারা। সম্প্রতি অসমে কার্যকর হয়েছে এই আইন। ওয়াকিবহাল মহলের মতে, ২০২৯ সালে দেশে লোকসভা নির্বাচন। চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ার হাতছানি নরেন্দ্র মোদির সামনে। নির্বাচনের আগে বাকি রয়েছে আড়াই বছরের কিছু বেশি সময়। সূত্রের খবর তার মধ্যে দেশের ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। ইতিমধ্যেই বাংলায় এই বিধি কার্যকরের জন্য উদ্যোগ নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। এবার উত্তরপ্রদেশে নির্বাচন জিতলে এই আইন কার্যকরের ঘোষণা করলেন শাহ।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker