0%

রায়গঞ্জে এইমস তৈরিতে বড় পদক্ষেপ! মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই কেন্দ্রকে চিঠি নবান্নর

SOBDIK NEWS: বিধানসভা ভোটের আগে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এইমস (Raiganj AIIMS) তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি পূরণে আরও এক ধাপ নেওয়া হল। বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জের জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, শীঘ্রই রায়গঞ্জের দিকনগরে এইমস তৈরির প্রস্তাব কেন্দ্রকে পাঠানো হবে। সেই মতো রাতেই দিল্লিতে প্রস্তাব পাঠাল রাজ্য সরকার (Government of West Bengal)।

রায়গঞ্জ এইমস তৈরির জন্য চিহ্নিত প্রায় ১৮০ একর জমি | (Raiganj AIIMS)

বৃহস্পতিবার রায়গঞ্জে এইমস তৈরির প্রস্তাব দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই রায়গঞ্জে প্রায় ১৮০ একর জমি চিহ্নিত করেছে রাজ্য সরকার। কেন্দ্রকে দ্রুতই তার বিবরণ পাঠানো হবে।

আরও পড়ুনঃ প্রিয়রঞ্জন দাশমুন্সির নামে রাসবিহারী অ্যাভিনিউয়ের একাংশ! মুখ্যমন্ত্রী ও কলকাতা পুরসভার কাছে বড় প্রস্তাব

মুখ্যসচিব জানিয়েছেন, “উত্তরবঙ্গের মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রায়গঞ্জে একটি এইমস তৈরির প্রস্তাব দিচ্ছে রাজ্য সরকার। রায়গঞ্জের বুকে এই প্রতিষ্ঠান নির্মিত হলে উত্তরবঙ্গের পাশাপাশি পার্শ্ববর্তী উত্তর বিহার ও উত্তর পূর্ব ভারতের স্বাস্থ্য পরিকাঠামো আরও মজবুত হবে। উন্নত পরিষেবা পেতে রোগী ও তাঁর পরিজনকে আর দূরে যেতে হবে না। এর ফলে চিকিৎসা শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের ক্ষমতাও বৃদ্ধি পাবে।“

কেন্দ্রকে পাঠানো চিঠিতে মুখ্যসচিব জানিয়েছেন, রায়গঞ্জ এইমসের জন্য চিহ্নিত জমি পরিদর্শন ও প্রস্তুতিমূলক যে কোনও পদক্ষেপে কেন্দ্রীয় সরকারের সাহায্য করবে রাজ্য। উত্তরবঙ্গের উন্নত স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করে তুলতে অগ্রাধিকারের ভিত্তিতে এই প্রস্তাব খতিয়ে দেখার অনুরোধ করেছেন তিনি।

এদিকে গতকাল রায়গঞ্জে দাঁড়িয়েই এইমস তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জলপাইগুড়িতে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল নির্মাণের কথাও জানিয়েছেন। তিনি বলেন, “আপনাদের দীর্ঘদিনের দাবির কথা মাথায় রেখে রায়গঞ্জের দিকনগরে এইমস তৈরির প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠাবে বলে ঠিক করেছে রাজ্য সরকার। সব ঠিকঠাক থাকলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে দিকনগরে ভূমিপুজো অনুষ্ঠানে আসব।“

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ঘোষণার পরেই রায়গঞ্জে এইমস তৈরিতে আরও এক বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাতেই নবান্ন থেকে দিল্লিতে প্রস্তাব পাঠানো হল। বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে খতিয়ে দেখার অনুরোধও জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker