বিশ্বজয়ের পর ধোনির শুভেচ্ছায় চমকে গিয়েছিলেন! কারণ ফাঁস স্মৃতির

গত বছর দেশের মাটিতে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। টানা তিন ম্যাচে হারের পরেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের প্রমীলা ব্রিগেড। এই সময় ‘বিশেষ’ একজনের কাছ থেকে শুভেচ্ছাবার্তা পেয়ে চমকে গিয়েছিলেন স্মৃতি মন্ধানা। সেই বিশেষ মানুষটির নাম মহেন্দ্র সিং ধোনি। প্রশ্ন হল, টিম ইন্ডিয়ার বিশ্বজয়ী অধিনায়কের কাছে বার্তা স্মৃতিকে চমকে দিয়েছিল কেন?
মাঠে এবং মাঠের বাইরে মহেন্দ্র সিং ধোনি ব্যতিক্রমী। সেটা তাঁর ক্রিকেটীয় দর্শন দেখলেই বোঝা যায়। এমনকী তিনি সচরাচর ফোনও ব্যবহার করেন না। বেশিরভাগ সময়েই ফোন ধরেন না। কেউ মেসজ করলেও উত্তর মেলে না তাঁর কাছ থেকে। সোশাল মিডিয়ায় বেশিরভাগ সময়েই সক্রিয় থাকেন না ধোনি। সেই তিনিই বার্তা পাঠিয়েছিলেন স্মৃতিকে। এক অনুষ্ঠানে এসে একথা ফাঁস করেছেন স্মৃতি নিজেই।
ভারতীয় মহিলা দলের অধিনায়ক বলেন, “বিশ্বকাপ জয়ের পর তিনি আমাকে বার্তা পাঠিয়েছিলেন। যা আমাকে অবাক করেছিল। কারণ ধোনি তো বেশিরভাগ সময় ফোন ব্যবহার করেন না। এমএসডি জানিয়েছিলেন, ওঁর শুভেচ্ছাবার্তা সকলের কাছে পৌঁছে দিতে।” এ কথা শুনে সঞ্চালক হর্ষ ভোগলে জানতে চান, ধোনির নম্বর সেভ করেছেন? স্মৃতি জানান, আগে থেকেই টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের নম্বর তাঁর কাছে ছিল।
MS Dhoni personally congratulated Smriti on WhatsApp after the World Cup win and asked her to extend his congratulations to the entire team https://t.co/biBYlwRb9G
— (@mostlydhoni78) October 29, 2026
সোশাল মিডিয়ায় এই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যায়, স্মৃতির পাশে বসে আছেন ধোনি। তাঁর হাতে ক্রিকেট বল। লোফালুফি করছিলেন। আচমকাই তাঁর হাত থেকে বল ছিটকে যায়। কিন্তু পরিচিত ক্ষিপ্রতায় মাটিতে পড়ার আগেই ঝুঁকে তা তালুবন্দি করেন। প্রশ্ন হল, কেবলমাত্র স্মৃতিকে কেন শুভেচ্ছা জানিয়েছিলেন ‘ক্যাপ্টেনকুল’? খোলসা করেছেন ধোনি নিজেই।
তিনি বলেন, “আমার কাছে দলের আর কারওর নম্বর ছিল না। তবে বার্তা পাঠাতে চাইছিলাম। ওই বিশ্বকাপের আগে আমরা একটা বিজ্ঞাপনের শুটিং করেছিলাম। ভাবলাম, স্মৃতিকেই বার্তা পাঠাই। ওকে এটাও বলেছিলাম, ‘দলের বাকিরাও যেন আমার শুভেচ্ছা পায়’।” দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ধোনির মতে, ‘ভারতীয় মহিলা ক্রিকেটকে দিকনির্দেশ করেছিল এই জয়’। এই জয় ভবিষ্যৎ প্রজন্মের কাছেও অনুপ্রেরণার।
শেয়ার
লিংক



