0%

‘অনিচ্ছা’ সত্ত্বেও ফের মুম্বইয়ের অধিনায়ক হচ্ছেন রোহিত! দলবদল না হলে কী করবেন হার্দিক?

ফের মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)! আম্বানিদের দলে বদলের হাওয়া। নতুন কোচ হয়েছেন কায়রন পোলার্ড। এবার হার্দিক পাণ্ডিয়ার দলে থাকা প্রায় অনিশ্চিত। আর যদি শেষ পর্যন্ত মুম্বইয়েই থাকতে হয়, তাহলে খেলতে হবে রোহিতের অধীনে। যদিও হিটম্যান নাকি নিজেই অধিনায়ক হতে রাজি ছিলেন না। বরং এক তরুণ তুর্কিকে নেতা হিসেবে দেখতে চেয়েছিলেন।

গত কয়েক বছরে একেবারেই চেনা ছন্দে নেই মুম্বই। দলের মধ্যে কোন্দলের বহু খবর প্রকাশ্যে এসেছে। হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্ব নিয়ে প্রশ্ন আছে। সাফল্য পেতে দলের কোচিং স্টাফ আমূল বদলে ফেলা হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার নেতৃত্বেও বদল আসছে। হার্দিককে নিয়ে ‘ক্লান্ত’ মুম্বই ম্যানেজমেন্ট। আগের মরশুমের শেষদিকেই রোহিতকে অধিনায়ক করার কথা ভেবেছিল তারা। তবে শুধু রোহিত নয়, জশপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, তিলক বর্মাকেও বিকল্প হিসেবে দেখা হয়েছিল।

এবার ফের রোহিতের দ্বারস্থ হতে চলেছে মুম্বই। যাঁর অধীনে তারা পাঁচটি ট্রফি জিতেছে। কিন্তু রোহিত নিজেই নাকি অধিনায়ক হতে রাজি হননি। বরং সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিলকের নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির সঙ্গে একাধিক আলোচনার পর রাজি হয়েছেন। এমনকী দলের কোচিং রদবদল নিয়েও তাঁর পরামর্শ নেওয়া হয়েছিল।

এবার প্রশ্ন হচ্ছে, হার্দিক কী করবেন? আইপিএলের রিটেনশন পর্ব যত এগিয়ে আসছে, ততই বাড়ছে মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে জল্পনা। তিনি কি মুম্বইয়ে থাকবেন? ট্রেড ডিলে কোথায় যেতে পারেন? কেকেআর, সিএসকে-সহ একাধিক ফ্র্যাঞ্চাইজি তাঁকে নিতে আগ্রহী। আর যদি শেষ পর্যন্ত ট্রেড ডিল না হয়, তাহলে মুম্বইতে নেতৃত্বও যাবে হার্দিকের। সেক্ষেত্রে ফের রোহিতের অধীনেই খেলতে হবে। তাতে আদৌ রাজি হবেন তো তারকা অলরাউন্ডার?

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker