‘ঠিকমতো কাজ করলে বকেয়া মেটাতে পিছপা হবে না সরকার’! কর্মীদের বড় বার্তা পঞ্চায়েতমন্ত্রীর

SOBDIK NEWS: সরকার সবসময় কর্মীদের পাশে আছে, আগামীদিনেও থাকবে। তাঁরা ঠিকমতো কাজ করলে বকেয়া মেটাতে রাজ্য সরকার (Government of West Bengal) পিছপা হবে না বলে জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সম্প্রতি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের উত্তরবঙ্গ সমাবেশে উপস্থিত হয়ে গ্রাম পঞ্চায়েত কর্মীদের উদ্দেশে এই বার্তা দেন তিনি।
সরকারি যোজনা নিয়েও বড় বার্তা দিলীপের | (Dilip Ghosh)
এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী স্মরণ করিয়ে দেন, রাজ্যে পালাবদলের পর পঞ্চায়েত কর্মীদের সাম্মানিক আগের তুলনায় অনেকটাই বাড়ানো হয়েছে। আগামীদিনে এই ভাতা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকার যে ইতিবাচক, সেটাও জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ কেন্দ্রের পথেই রাজ্য! সরকারি কর্মীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর
দিলীপ বলেন, “সরকার সবসময় কর্মীদের পাশে আছে এবং আগামীদিনেও থাকবে। তবে সুযোগ সুবিধার পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রেও কর্মীদের সমান নিষ্ঠাবান হতে হবে। কর্মীরা ঠিকভাবে কাজ করলে তাঁর বকেয়া বা সমস্যা মেটাতে সরকার পিছপা হবে না।“
এছাড়া এই অনুষ্ঠান থেকে আবাস যোজনা নিয়েও কড়া বার্তা দেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। তিনি জানান, এই প্রকল্পে অনেক ভুয়ো আবেদন ঢুকে রয়েছে। শীঘ্রই সম্পূর্ণ তালিকা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে অযোগ্যদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।
দিলীপ বলেন, “আবাস যোজনায় প্রচুর আবেদন জমা পড়েছে। তবে পরীক্ষা করে দেখা গিয়েছে এর মধ্যে অনেক ভুয়ো আবেদনও রয়েছে। প্রকৃত দুঃস্থ ও গৃহহীনদের মাথার উপর ছাদ দেওয়া আমাদের লক্ষ্য। শীঘ্রই সম্পূর্ণ তালিকা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে ও যারা অবৈধভাবে নাম তুলেছে তাঁদের তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত যোগ্য প্রাপকদের হাতে বাড়ি তৈরির টাকা তুলে দেওয়া হবে।“
শিলিগুড়িতে আয়োজিত এই অনুষ্ঠান থেকে পঞ্চায়েত কর্মী ও আবাস যোজনা নিয়ে বার্তা দেওয়ার পাশাপাশি সমসাময়িক রাজনীতি ও বিরোধীদের কটাক্ষ নিয়েও মুখ খোলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, আইন মেনে ও আইনশৃঙ্খলা রক্ষা করে নিজের কাজ করছে প্রশাসন। কারোর হুঁশিয়ারি বা ব্যক্তিগত স্তরে মন্তব্যে রাজ্য সরকারের নিয়ম নীতি বা প্রশাসনিক কাজে প্রভাব পড়ে না।



