মা-বাবা জানত মেয়ে বিদেশে, পুণের ফ্ল্যাটে খাটের তলায় উদ্ধার নিথর দেহ!

এমবিএ পড়তে লন্ডন পাড়ি দিয়েছিল মেয়ে। অন্তত তেমনটাই জানতেন মা-বাবা। কিন্তু শেষপর্যন্ত সেই মহিলার নিথর দেহ মিলল পুণের ফ্ল্যাটে, খাটের তলায়। এমনই ঘটনাকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা। জানা গিয়েছে, সত্যিই তিনি ব্রিটেনে গেলেও গত আগস্টে চুপিচুপি দেশে ফিরে এসেছিলেন।
নিহত যুবতীর নাম মুগ্ধা অবিনাশ দেশমুখ। গত বছরের জুলাইয়ে তিনি ব্রিটেনে যান এমবিএ পড়তে। কিন্তু এবছরের আগস্টেই তিনি দেশেও ফিরে আসেন। কিন্তু মা-বাবাকে কিছু না জানিয়ে পুণের একটি ফ্ল্যাটে তিনি থাকতে শুরু করেন। যদিও ফোনে দিব্যি কথাবার্তা চলত বলেই দাবি মুগ্ধার অভিভাবকদের। কিন্তু ২৪ অক্টোবরের পর থেকে আর তাঁদের সঙ্গে মেয়ের যোগাযোগ হয়নি। দেখা যায় মোবাইলও সুইচড অফ। ক্রমে উদ্বেগ বাড়ে। শেষে মুগ্ধার এক বান্ধবীর সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। সেই বান্ধবীই লন্ডন পুলিশে নিখোঁজ ডায়রি করতে গিয়ে জানতে পারেন মুগ্ধা ভারতে ফিরে গিয়েছেন! এরপর যোগাযোগ করা হয় লন্ডনের ভারতীয় দূতাবাসের সঙ্গে। পাশাপাশি খতিয়ে দেখা হয় মুগ্ধার অনলাইন বিকিকিনির হিসেবও।
সেখান থেকে শম্ভাজিনগরের ঠিকানা হাতে আসে পুলিশের। এরপর বন্ধ অ্যাপার্টমেন্টের তালা ভেঙে ভিতরে ঢোকেন তদন্তকারীরা। দেখা যায় খাটের নিচে পড়ে রয়েছে মুগ্ধার নিথর দেহ।
দেখা গিয়েছে মুগ্ধার শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তেও মৃত্যুর কারণ নিশ্চিত করে জানা যায়নি। তবে পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা থেকে প্রকৃত ঘটনা সম্পর্কে ধারণা ঠিকই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। কেন তিনি লন্ডন থেকে চুপিচুপি ফিরে এলে, ফ্ল্যাটে তিনি একা থাকতেন কিনা সবই খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে আরও তদন্ত করে দেখা হচ্ছে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
শেয়ার
লিংক



