মাসে ৩০০ ইউনিট অবধি ফ্রি বিদ্যুৎ! পিএম সূর্য ঘর যোজনায় আবেদন পদ্ধতি জানুন

SOBDIK NEWS: বিদ্যুতের ব্যবহার বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুতের বিলও বাড়তে থাকে। ফলে পকেটে চাপ পড়ে মধ্যবিত্তের। সেই চাপ কমাতে এখন অনেকেই সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন। আর এখানেই পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা (PM Surya Ghar Muft Bijli Yojana) নিয়ে হাজির হয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের (Central Government Scheme) অধীন বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হলে মাসে মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট অবধি ফ্রি বিদ্যুৎ পাওয়া যায়।
পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনায় আবেদন পদ্ধতি | (PM Surya Ghar Muft Bijli Yojana)
২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি পিএম সূর্য ঘর মুফত বিদ্যুৎ যোজনা চালু হয়েছে। এর আওতায় মাসে মাসে ৩০০ ইউনিট অবধি ফ্রি বিদ্যুৎ পাওয়া যায়। ফলে ইলেকট্রিক বিলের চাপ অনেকটাই কমে যায়। এছাড়া উপভোক্তার বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর খরচের উপর সরকার সর্বাধিক ৭৮ হাজার টাকা অবধি ভর্তুকি দেয়।
আরও পড়ুনঃ বাড়ি বসে বিনামূল্যে চোখের চিকিৎসা! সুদৃষ্টি প্রকল্পে জেলায় দু’টি ভ্রাম্যমাণ বাসের উদ্বোধন
এই সরকারি প্রকল্পে আবেদন করতে হলে পিএম সূর্য ঘর ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে ‘অ্যাপ্লাই ফর রুফটপ সোলার’ বিকল্পে ক্লিক করতে হবে। এরপর রাজ্য, বিদ্যুৎ বিতরণকারী সংস্থা, বিদ্যুৎ গ্রাহক নম্বর, ইমেল আইডি ও মোবাইল ফোন নম্বর দিতে হবে।
এই সকল তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করার পর কনজিউমার নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে আবেদনকারীকে লগ ইন করতে হবে। এরপরের ধাপ আবেদনপত্র পূরণ। ফিজিবিলিটি অনুমোদন মেলার পর ডিসকম-এর অনুমোদিত ভেন্ডরের মাধ্যমে বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো যাবে।
প্যানেল বসানোর কাজ হয়ে গেলে নেট মিটারের জন্য আবেদন করতে হবে। মিটার স্থাপন ও ডিসকমের পরিদর্শন হয়ে গেলে কমিশনিং সার্টিফিকেট পাওয়া যাবে এবং আবেদনকারীর অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির টাকা চলে আসবে।
এছাড়া গত জুলাইয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনায় কেন্দ্রের তরফ থেকে ভর্তুকি দেওয়া হয়। সেই সঙ্গে রাজ্য সরকারও অতিরিক্ত সহায়তা দেবে। তিনি বলেন, ১০০ ইউনিটের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ৩০ হাজার টাকা ভর্তুকি দেবে, রাজ্য দেবে আরও ৫ হাজার টাকা।
মুখ্যমন্ত্রী বলেন, ২০০ ইউনিটের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের ভর্তুকির পরিমাণ যথাক্রমে ৬০ হাজার টাকা ও ১০ হাজার টাকা। ৩০০ ইউনিটের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ৭৮ হাজার টাকা ও রাজ্যের তরফে অতিরিক্ত ১৫ হাজার টাকা দেওয়া হবে।
তফসিলি জাতি ও তফসিলি উপজাতি পরিবারগুলির জন্যও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এই পরিবারগুলি রাজ্যের কাছ থেকে অতিরিক্ত ১৫ হাজার টাকা পাবে। পাশাপাশি তিনি জানান, এসটি-এসটি বাদে আর্থিকভাবে পিছিয়ে থাকা অন্যান্য পরিবারগুলিকেও আলাদা সহায়তা দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার।



