0%

বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন, ডাবলিনের ঘটনার ৩ দিন পর মুখ খুললেন সঙ্গকারা

ডাবলিন বিমানবন্দরে বিড়ম্বনায় পড়েছিলেন কুমার সঙ্গকারা। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক এবং তাঁর পরিবারকে হেনস্তার শিকার হতে হয়েছিল। প্রথমে আয়ারল্যান্ডের বিমানসংস্থা রায়ানএয়ারের কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহার ও হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন ৪৮ বছর বয়সি প্রাক্তন ক্রিকেটার। সেই ঘটনার তিন দিন পর নিজেই জানালেন, বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছিল তাঁদের। 

২৮ অক্টোবর ডাবলিন থেকে সপরিবার ব্রিস্টল যাচ্ছিলেন সঙ্গকারা। বোর্ডিং পাস নিতে গিয়ে বিমানবন্দরের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রাক্তন ক্রিকেটার এবং তাঁর পরিবারের সদস্যরা। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘ডাবলিনে রায়ানএয়ারের কর্মীদের হাতে কি আর কেউ বৈযম্যমূলক আচরণের শিকার হয়েছেন? আমি তো বটেই, আমার পরিবারও একই রকম অভিজ্ঞতার সম্মুখীন হল। বিষয়টি সত্যিই অবাক করার মতো। আমাদের সঙ্গে ওঁরা যেভাবে কথা বলেছেন, দুর্ব্যবহার করেছেন, হুমকি দিয়েছেন, তা ভয়াবহ। কোনও যাত্রীরই এমন আচরণ প্রাপ্য নয়। ডাবলিনে এই প্রথম এত খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হলাম।’

রায়ানএয়ারের কর্মীরা তাঁদের সঙ্গে বৈযম্যমূলক আচরণ করলেও গন্তব্যে পৌঁছতে তাঁদের কোনও অসুবিধা হয়নি বলে খবর। তবে সঙ্গকারার অভিযোগের মুখে পড়ে সাফাই দিয়েছে বিমান সংস্থা। তারা জানায়, ‘ভিসার কাগজপত্র নিয়ে সমস্যা হয়। তিনিই প্রথমে ভিসার কাগজ দেখাতে চাননি। সেই কারণেই সমস্যা। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ওই বিমানেই তিনি যাত্রা করেছেন।’ তবে পোস্টের পর কটাক্ষের মুখেও পড়েছেন সঙ্গকারা। এক নেটিজেন লেখেন, ‘তিনি তারকা। তাই হয়তো বুঝতে পারছেন না, সকলের সঙ্গে এমনই আচরণ করা হয়।’

এমন তির্যক মন্তব্যের পর চুপ থাকেননি সঙ্গকারা। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়কের কথায়, ‘যখন বলা হয়, আপনাদের মতো মানুষ বা একই ধরনের পাসপোর্টধারী ব্যক্তিদের সঙ্গে এমনই আচরণ করা সাজে, তখন বিষয়টাকে আর পাঁচটা সাধারণ ঘটনার মতো দেখার সুযোগ থাকে না। এর বিরুদ্ধে সরব হলে উলটে হুমকিরও শিকার হতে হয়। এমনকী বিমানে ওঠার অনুমতি পর্যন্ত না দেওয়ার কথা বলা হয়। এটা মোটেও স্বাভাবিক কোনও ব্যবহার নয়। বরঞ্চ পরিষ্কার বর্ণবৈষম্যমূলক আচরণই বলা হয় একে।’ প্রসঙ্গত, সঙ্গকারার পাশে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কার আর এক প্রাক্তন ক্রিকেটার সঞ্জীব বীরবরণ ও ব্রিটেনের টেলিভিশন ব্যক্তিত্ব পিয়ার্স মরগ্যান।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker