0%

‘সবাইকে খুশি করা আমার কাজ নয়’, বৈভবকে পাকাপাকিভাবে বাদ দিচ্ছেন গম্ভীর?

পাঁচ ম্যাচের সিরিজের মাত্র দু’টিতে সুযোগ। একনজরে এটাই বৈভব সূর্যবংশীর নিউজিল্যান্ড সফর। বারবার বৈভবভক্তরা প্রশ্ন তুলেছেন, কেন কিশোর তারকাকে দলে নেওয়া হচ্ছে না? কেন পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে না। এবার যাবতীয় সমালোচনাকে একহাত নিলেন ভার‍তীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর। সাফ জানিয়ে দিলেন, সকলের মন জুগিয়ে কাজ করবেন না তিনি।

পরিসংখ্যান বলছে, ভারতের হেডকোচ গৌতম গম্ভীরের অধীনে যতটা সুযোগ পেয়েছে এই কিশোর, তার তুলনায় অনেক বেশি ম্যাচে তাকে খেলিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান লক্ষ্মণ চলতি বছরে কয়েকটি প্রতিযোগিতায় গম্ভীরের পরিবর্তে দলের দায়িত্ব সামলেছেন। আর সেই সময়েই টিম ইন্ডিয়ার জার্সি গায়ে ওপেন নেমেছিল বৈভব। কিন্তু কোচের হটসিটে গম্ভীর ফিরতেই বিস্ময় কিশোরের জায়গা হয়েছে বেঞ্চে। কারণ অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের জুটিতে ভরসা রাখেন গম্ভীর।

নিউজিল্যান্ড সিরিজের দু’টো ম্যাচে অবশ্য বৈভবকে সুযোগ দেওয়া হয়েছিল। একটা ম্যাচে হতাশ করে সে। পরের ম্যাচ ৪৫ রান করেও উইকেট ছুড়ে দিয়ে আসে। তারপর ফের বৈভবের জায়গা বেঞ্চে। রবিবার ছিল নিয়মরক্ষার ম্যাচ। সেখানে বৈভবকে সুযোগ দেওয়া হবে, বিশেষত আগের ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পর-এমনটাই মনে করা হয়েছিল। কিন্তু বাস্তবে সেটা হয়নি। অভিষেক-সঞ্জুর জুটিতেই গম্ভীর আস্থা রেখেছেন। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি ভারত। সিরিজ শেষ হল ৩-২ ফলে।

ম্যাচের ফলাফল যাই হোক না কেন, বৈভবকে ‘অপছন্দে’র অবস্থানে অনড় গম্ভীর। সাফ জানিয়ে দিয়েছেন, “প্রথমত, সবাইকে খুশি করা আমার কাজ নয়। আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সকলের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেব না। আসলে জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া খুবই সহজ। কিন্তু আমার মতে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ড্রেসিংরুমে প্রত্যেকের মধ্যে যেন নিশ্চয়তা থাকে সেটা নিশ্চিত করতে হবে। এই কাজটুকু আমাকে করতেই হবে।” অর্থাৎ গম্ভীরের কথাতেই স্পষ্ট, অদূর ভবিষ্যতেও বৈভবকে জাতীয় দলে নিয়মিত দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker