টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে নয়া মাইলফলক স্পর্শ করলেন দক্ষিণ আফ্রিকার জোরে বোলার কাগিসো রাবাদা। শনিবার (৩০ অক্টোবর) অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেডকে সাজঘরের পথ দেখিয়ে টেস্টে দ্রুততম ৩৫০ উইকেট ঝুলিতে পোরার রেকর্ড গড়লেন তিনি। টেক্কা দিলেন স্বদেশীয় ডেল স্টেইন, পাকিস্তানের ওয়াকার ইউনিসদের। দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার হিসেবে ৩৫০ উইকেটের মালিক হলেন রাবাদা। অন্য তিন জন হলেন স্টেইন (৪৩৯), শন পোলক (৪২১) ও মাখায়া এনটিনি (৩৯০)।
তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামার আগেই রাবাদার শিকারের ঝুলিতে জমা পড়েছিল ৩৪৬ উইকেট। প্রথম ইনিংসে অজি অধিনায়ক প্যাট কামিন্সকে ফিরিয়ে দিয়ে পৌঁছে গিয়েছিলেন ৩৪৭ উইকেটে। দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারেই অস্ট্রেলিয়া শিবিরে জোড়া আঘাত হানেন তিনি। ম্যাট রেনশ ও মার্নাস লাবুশেনকে ফেরান তিনি। লেগ সাইডের বল খেলে ক্যাচ দেন রেনশ। আর ভেতরে ঢোকা ডেলিভারি ছেড়ে দিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন লাবুশেন। কয়েক ওভার পর ছন্দে থাকা অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেডকে বিদায় করে ৩৫০ উইকেটে পৌঁছে যান। সেই সঙ্গে এক ইতিহাস লেখেন তিনি।
সবচেয়ে কম বলে ৩৫০ উইকেট ঝুলিতে পোরার রেকর্ডের মালিক হয়েছেন রাবাদা। তিনি ১৩ হাজার ৮০৮ বল করেই সাড়ে ৩৫০ উইকেট নিয়েছেন। এতদিন রেকর্ডটি ছিল রাবাদার স্বদেশি ডেল স্টেইনের। ১৪ হাজার ৭১৯ বলে ৩৫০ উইকেট নিয়েছিলেন তিনি। ৩৫০ টেস্ট উইকেট নিতে পাকিস্তানের পেস বোলিং গ্রেট ওয়াকার ইউনিসের লেগেছিল ১৪ হাজার ৯০৫ বল। ওয়েস্ট ইন্ডিজ গ্রেট ম্যালকম মার্শালের ১৬ হাজার ২৮৫ এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের ১৬ হাজার ৯০৮ বল।
৭৫তম টেস্ট খেলেই ৩৫০ উইকেট শিকারের মাইলফলকে পা রেখেছেন রাবাদা। সবচেয়ে কম টেস্টে ৩৫০ উইকেট নেওয়া বোলার অবশ্য রিচার্ড হ্যাডলি ও ডেল স্টেইন। দুজনেই ৬৯তম টেস্ট ম্যাচে ওই কৃতিত্ব অর্জন করেছিলেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডেনিস লিলির লেগেছিল ৭০ টেস্ট ম্যাচ। আর এক অজি বোলার গ্লেন ম্যাকগ্রা ওই কৃতিত্ব অর্জন করেছিলেন ৭৫তম ম্যাচে।
The post টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



