0%

ক্রিকেটের বদলে হাতে বেসবলের ব্যাট, প্রায় এক কোটি টাকা জিতেও কীভাবে মনজয় হার্দিকের?

ক্রিকেটের ব্যাটের বদলে হাতে তুলে নিলেন বেসবলের ব্যাট। সেই খেলাতেও বাজিমাত হার্দিক পাণ্ডিয়ার। ইউটিউবার ‘মিস্টার বিস্ট’-এর দেওয়া বেসবল চ্যালেঞ্জ জিতে ১ লক্ষ ডলার পুরস্কার পেলেন ভারতের অলরাউন্ডার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯৫ লক্ষ টাকা। তবে এই বিপুল অর্থ নিজের জন্য রাখতে চান না হার্দিক। পুরস্কারের পুরো টাকাই দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

‘মিস্টার বিস্ট’-এর একটি ভিডিও থেকেই বিষয়টি সামনে এসেছে। বিভিন্ন খেলার তারকাদের নিয়ে এমন চ্যালেঞ্জের আয়োজন করেন জনপ্রিয় এই ইউটিউবার। চ্যালেঞ্জ জিততে পারলেই মেলে মোটা অঙ্কের নগদ পুরস্কার। অতীতে একাধিক ক্রীড়াবিদ তাঁর এই চ্যালেঞ্জে অংশ নিয়েছেন। এবার সেই তালিকায় ছিলেন হার্দিক। চ্যালেঞ্জটি ছিল বেসবলের ব্যাট দিয়ে তিনটি বল মাঠের বাইরে পাঠানো। তবে পেশাদার বেসবলের মতো কঠিন ছিল না লড়াই।

বল ছুড়ছিলেন এক ইউটিউবার। প্রায় ৯০ কিলোমিটার গতিতে বল করার বদলে তিনি অনেকটা আলতো করেই বল ছুড়ে দিচ্ছিলেন। হার্দিক নিজেই জানিয়েছেন, এর আগে কখনও বেসবল খেলেননি। কিন্তু নতুন খেলায় হাত পাকাতে বিশেষ অসুবিধা হয়নি তাঁর। প্রতিপক্ষের রান টপকে চ্যালেঞ্জ জিতে নেন ভারতীয় ক্রিকেটার। পুরস্কার হিসাবে পান ১ লক্ষ ডলার। অর্থ জিতেই থেমে থাকেননি হার্দিক। সেই টাকা কীভাবে ব্যবহার করবেন, তা-ও জানিয়ে দিয়েছেন তিনি। কুকুরদের দেখভাল এবং আর্থিক ভাবে পিছিয়ে থাকা শিশুদের উন্নতির কাজে পুরস্কারের অর্থ দান করতে চান ভারতীয় অলরাউন্ডার। তাঁর এই সিদ্ধান্ত প্রশংসা কুড়িয়েছে।

এদিকে চোট সারিয়ে কবে দলে ফিরবেন হার্দিক, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। নিশ্চিত নন চিকিৎসকেরাও। মাঠে ফিরতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে ভারতীয় অলরাউন্ডারকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই চোটের সমস্যায় ভুগছেন তিনি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি। তার পর চোটের কারণে একাধিক সিরিজে ভারতীয় দলে দেখা যায়নি তাঁকে। নিউজিল্যান্ড সফরেও যেতে পারেননি। তাঁর মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখেছেন চিকিৎসক দীনশ পারদিওয়ালা। জানা গিয়েছে, সপ্তাহ দুই পরে হালকা জগিং শুরু করতে পারেন তিনি। তার পরের ৮ সপ্তাহ ধরে ধীরে ধীরে বাড়ানো হবে অনুশীলনের চাপ। কবে আবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন তিনি, সেই অপেক্ষাতেই তাঁর অনুরাগীরা। আপাতত ‘বেসবলার’ হার্দিকে মজে তাঁরা। 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker