বিদেশে গোপন বৈঠক নিয়ে প্রশ্ন, বিরোধীদের নিশানা মোদীর

নয়াদিল্লি: বিদেশের মাটিতে কার সঙ্গে কার গোপন বৈঠক হচ্ছে? ভারতের বিরোধী শক্তিরা কাদের সমর্থন পাচ্ছে? দেশের শত্রুদের ভাষায় কারা কথা বলছে? বিরোধীদের বিরুদ্ধে এমনই একাধিক…
নয়াদিল্লি: বিদেশের মাটিতে কার সঙ্গে কার গোপন বৈঠক হচ্ছে? ভারতের বিরোধী শক্তিরা কাদের সমর্থন পাচ্ছে? দেশের শত্রুদের ভাষায় কারা কথা বলছে? বিরোধীদের বিরুদ্ধে এমনই একাধিক প্রশ্ন তুলে রাজনৈতিক আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর অভিযোগ, দেশের মধ্যে বিভাজন ও সংঘাত তৈরির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কিছু শক্তি। শনিবার গুজরাতের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের বিরুদ্ধে সরব হন তিনি।
সংবাদ সংস্থা ANI-র প্রতিবেদন অনুযায়ী, মোদী বলেন, গত এক দশকেরও বেশি সময় ধরে নির্বাচনী পরাজয় থেকে তৈরি হওয়া হতাশা ও ক্ষোভের কারণে বিরোধীরা এখন প্রকাশ্যেই বাধা সৃষ্টির রাজনীতি করছে। তাঁর অভিযোগ, বিরোধীরা নিজেদের রাজনীতির মূল ভিত্তি করে তুলেছে প্রতিবন্ধকতাকে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিদেশ সফরকে ইঙ্গিত করেও বিরোধীদের নিশানা করেন প্রধানমন্ত্রী। যদিও বক্তব্যে কারও নাম সরাসরি উল্লেখ করেননি তিনি।
মোদীর কথায়, “এই শক্তিগুলি ক্রমাগত দেশকে ভাগ করার ষড়যন্ত্রে ব্যস্ত। মাতৃভূমির সন্তানদের মধ্যে বিভেদ ও সংঘাত তৈরি করার জন্য নানা কুৎসিত পরিকল্পনা করা হচ্ছে। এক দশকেরও বেশি সময়ের হতাশা ও হতাশাজনক পরিস্থিতি থেকে বেরিয়ে এসে এই মানুষগুলি এখন প্রকাশ্যে এসেছে। বিদেশে গোপনে কে কার সঙ্গে বৈঠক করছে? ভারতের বিরোধী শক্তিগুলি কাদের সমর্থন করছে? কারা দেশের শত্রুদের ভাষায় কথা বলছে? এই সমস্ত প্রবণতা আমাদের চিনতে হবে এবং ঐক্যবদ্ধভাবে তার মোকাবিলা করতে হবে।”
ALSO READ | বাংলায় বসে ISI র গুপ্তচরবৃত্তি! উত্তরবঙ্গ থেকে গ্রেফতার প্রাক্তন ভারতীয় সেনা কর্মী
‘সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা’
বিরোধীদের বিরুদ্ধে সংবিধানের মর্যাদা ও সীমারেখা লঙ্ঘনের অভিযোগও তুলেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে এবং আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।
মোদী বলেন, “দেশের নাগরিকদের একসঙ্গে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নকশালবাদ নির্মূল করেছি। কিন্তু ‘মানসিক নকশালবাদ’-এর বিপদ এখনও দূর হয়নি। এই ধরনের মানসিক নকশালদের সম্পর্কে দেশকে সবসময় সতর্ক থাকতে হবে।”
প্রধানমন্ত্রীর আরও অভিযোগ, দেশের ভিতরে কিছু শক্তি মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তবে এই পরিস্থিতিতেও দেশের নাগরিকরা একজোট হয়ে দেশের পাশে দাঁড়িয়েছেন বলে দাবি করেন তিনি।
মোদীর কথায়, “দেশের নাগরিকরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের পাশে দাঁড়িয়েছেন। এটাই দেশের সবচেয়ে বড় শক্তি এবং আমাদের সাহসের মূল ভিত্তি।”
ALSO READ | ইন্ডির ইম্পিচমেন্ট অনুষ্ঠানে যোগ দিতে খাড়গের বাসভভবনে নেহা বোরা
আন্তর্জাতিক জ্বালানি সংকটের মধ্যেও ভারতের সাফল্যের দাবি
বক্তব্যে আন্তর্জাতিক পরিস্থিতি এবং জ্বালানি সংকটের প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং আন্তর্জাতিক জ্বালানি সংকটের পরিস্থিতির মধ্যেও ভারতের নাগরিকদের উপর তার প্রভাব নিয়ন্ত্রণে রাখা দেশের সক্ষমতার প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।
মোদীর দাবি, একাধিক দেশ জ্বালানি সরবরাহের সমস্যায় পড়েছে। ভারতকে নিয়েও বিভিন্ন মহলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতির প্রতিকূলতার মধ্যেও দেশের নাগরিকদের সুরক্ষিত রাখতে পেরেছে ভারত। এটিকে দেশের সক্ষমতার বড় উদাহরণ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
সর্দার প্যাটেলের ১৫১তম জন্মবার্ষিকীতে একতা দিবস পালন
শনিবার ছিল দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে গুজরাতের একতা নগরে স্ট্যাচু অফ ইউনিটিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার থেকে স্মৃতিসৌধের উপর পুষ্পবৃষ্টি করা হয়।
এরপর প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রীয় একতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে জাতীয় ঐক্যের শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। পরে বিভিন্ন বাহিনীর মার্চিং কন্টিনজেন্ট নিয়ে আয়োজিত একতা প্যারেড পরিদর্শন করেন।
সর্দার প্যাটেলের জন্মবার্ষিকীর মঞ্চ থেকেই জাতীয় ঐক্য, দেশের নিরাপত্তা এবং রাজনৈতিক বিরোধীদের ভূমিকা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে বিদেশে গোপন বৈঠক, সোশ্যাল মিডিয়ায় গুজব এবং দেশের অভ্যন্তরে অস্থিরতা তৈরির অভিযোগ বিশেষ গুরুত্ব পেয়েছে।



