0%

কলকাতার পার্কিং সমস্যা মেটাতে মাল্টি লেভেল পার্কিং ব্যবস্থা! মউ স্বাক্ষর করে ফেলল রাজ্য

SOBDIK NEWS: কলকাতার যানজট বা পার্কিংয়ের সমস্যা আজকের নয়। এবার সেই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (Government Of West Bengal)। শহরের ব্যস্ত এলাকাগুলিতে অত্যাধুনিক মাল্টি লেভেল পার্কিং (Multi Level Parking) নির্মাণ ও সার্বিক সৌন্দর্যায়নের লক্ষ্যে নিটকন লিমিটেডের সঙ্গে দু’টি মউ স্বাক্ষর করল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর।

কলকাতায় চালু হবে প্রযুক্তিনির্ভর মাল্টি লেভেল পার্কিং | (Multi Level Parking)

সম্প্রতি রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই প্রকল্পের কথা ঘোষণা করেন। পুর ও নগরোন্নয়ন দফতর জানিয়েছে, শহরের নিজস্ব ঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপত্যকে অক্ষুণ্ণ রেখে কলকাতাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন, আধুনিক ও পরিবেশবান্ধব করে তোলা সরকারের লক্ষ্য।

কলকাতার বড় হাসপাতাল চত্বর, নানা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ও মেট্রো বাস টার্মিনাসের মতো জনবহুল জায়গাগুলির আশেপাশে যানবাহনের অনিয়ন্ত্রিত চাপ ও পার্কিং সমস্যা দেখা যায়। সেই সমস্যা দূর করতে এই বহুতল পার্কিং কেন্দ্র তথা মাল্টি লেভেল পার্কিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ১০০ দিনের কাজের বকেয়া মেটাতে উদ্যোগী রাজ্য! নির্দেশিকা জারি করল পঞ্চায়েত দফতর

পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রথমে সম্পূর্ণ পরিস্থিতির উপর ভিত্তি করে একটি বিস্তারিত সমীক্ষা চালানো হবে। তার ফলাফলের উপর ভিত্তি করে চিহ্নিত করা হবে উপযুক্ত জায়গা। পরবর্তীতে প্রকল্পের মোট বাজেট, পার্কিং কেন্দ্রের সংখ্যা, প্রয়োজনীয় বিনিয়োগের পরিমাণ ও বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করা হবে।

এই বিষয়ে দফতরের এক শীর্ষ আধিকারিক বলেন, “এখন কলকাতার সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হল প্রতিনিয়ত বাড়তে থাকা যানবাহনের সংখ্যা ও নির্দিষ্ট পার্কিংয়ের অভাব। বিশেষত বাণিজ্যিক কেন্দ্রগুলিতে এই সংকট প্রবল। সেই সমস্যা দূর করতেই অত্যাধুনিক বহুতল পার্কিং কেন্দ্র গড়ে তোলা হচ্ছে।“

ওই আধিকারিক আরও জানান, পিপিপি মডেলে এই প্রকল্প বাস্তবায়িত হবে। এতে জমির সঠিক ব্যবহার ও আইসিটি ভিত্তিক স্মার্ট পার্কিং ব্যবস্থাপনার মাধ্যমে শহরের যানজট কমার পাশাপাশি পুরসভার কর বহির্ভূত রাজস্ব বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

কলকাতার রাস্তাগুলিতে বেআইনি পার্কিংয়ের জেরে অনেক সময় যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যা দেখা দেয়। এবার তা দূর করতেই অত্যাধুনিক মাল্টি লেভেল পার্কিং চালু করতে চলেছে রাজ্য সরকার। এর ফলে বেআইনি পার্কিংয়ের সমস্যা সরিয়ে যানবাহনের গতি বৃদ্ধি এবং পথচারীদের চলাচল নিরাপদ ও মসৃণ হবে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker