ওয়ানডে সিরিজের আগে জোড়া ধাক্কা! দুই মহাতারকাকে ছাড়াই ভারতের বিরুদ্ধে নামবে নিউজিল্যান্ড

ভারতের (IND) বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা নিউজিল্যান্ড (NZ) শিবিরে। চোটের কারণে ছিটকে গেলেন রাচীন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান। দুই ক্রিকেটারের অনুপস্থিতিতে নতুন করে দল সাজাতে হল কিউয়িদের। তাঁদের পরিবর্তে দলে নেওয়া হয়েছে হেনরি নিকোলস, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট ও টিম সেইফার্টকে।
কাঁধের চোট এখনও পুরোপুরি সারেনি রাচীনের। অন্যদিকে, হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে খেলতে পারবেন না চ্যাপম্যানও। তাঁর এমআরআই রিপোর্টে দেখা গিয়েছে, সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে আরও প্রায় দু’সপ্তাহ সময় লাগবে। আপাতত রিহ্যাবে রয়েছেন তিনি। রাচীনের ডান কাঁধের চোটও পুরোপুরি না সারায় সাদা বলের ক্রিকেটে ফিল্ডিং করার মতো অবস্থায় পৌঁছতে আরও সময় লাগবে। নভেম্বরের শেষ দিকে টেস্ট সিরিজ থাকায় দুই ক্রিকেটারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না কিউয়িরা।
নতুন চার ক্রিকেটারের মধ্যে নিকোলসকে রাখা হয়েছে প্রথম তিনটি ম্যাচের দলে। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। ওয়েলিংটন ফায়ারবার্ডসের বিরুদ্ধে ক্যান্টারবেরির হয়ে দ্বিতীয় ম্যাচে ১১৯ রান করেছিলেন নিকোলস। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তাঁর ১৩তম সেঞ্চুরি। অন্যদিকে, ফক্সক্রফটকে নেওয়া হয়েছে শেষ দু’টি ম্যাচের জন্য। ম্যাট ফিশার ও টিম সেইফার্ট আগে থেকেই চতুর্থ ও পঞ্চম ওয়ানডে ম্যাচের দলে ছিলেন। এবার তাঁদের প্রথম তিনটি ম্যাচের দলেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
৪ নভেম্বর, বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ অকল্যান্ডে। টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। এবার ৫০ ওভারের ক্রিকেটেও সেই সাফল্যের ধারা বজায় রাখতে চাইবেন শুভমান গিলেরা। অন্যদিকে, চোটের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য মিচেল স্যান্টনারের দলের।
নিউজিল্যান্ডের ওয়ানডে দল
প্রথম তিন ম্যাচ: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জেকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপ্স, টিম সেইফার্ট, নেথান স্মিথ, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার।
শেষ দুই ম্যাচ: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ক্রিশ্চিয়ান ক্লার্ক, জেকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, লকি ফার্গুসন, মিচ হে, নিক কেলি, টিম সেইফার্ট, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।
শেয়ার
লিংক



