পিছোচ্ছে ২০২৭ সালের মাধ্যমিক? কবে পরীক্ষা শুরুর প্রস্তাব পর্ষদের?

কলকাতা: জনগণনার কাজের সঙ্গে পরীক্ষার সূচির সংঘাত। সেই কারণেই কি পিছিয়ে যাচ্ছে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা? রাজ্যের আগামী বছরের মাধ্যমিকের নির্ধারিত সূচিতে বদল আনার প্রস্তাব…
কলকাতা: জনগণনার কাজের সঙ্গে পরীক্ষার সূচির সংঘাত। সেই কারণেই কি পিছিয়ে যাচ্ছে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা? রাজ্যের আগামী বছরের মাধ্যমিকের নির্ধারিত সূচিতে বদল আনার প্রস্তাব দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে ২ মার্চ থেকে পরীক্ষা শুরু হতে পারে। ১৬ মার্চ পর্যন্ত চলতে পারে পরীক্ষা। ইতিমধ্যেই নতুন নির্ঘণ্টের প্রস্তাব পাঠিয়ে স্কুলশিক্ষা দফতরের অনুমোদন চেয়েছে পর্ষদ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষণা করা হয়নি।
২০২৭ সালের জানুয়ারি থেকে দেশজুড়ে জনগণনার প্রথম পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা। এই পর্বে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। আগামী ১ মার্চ পর্যন্ত এই কাজ চলার কথা রয়েছে। এই কাজে রাজ্যের বহু স্কুলশিক্ষক যুক্ত থাকবেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার সময়ও বিপুল সংখ্যক শিক্ষককে পরীক্ষক, পরিদর্শক এবং অন্যান্য দায়িত্ব পালন করতে হয়। একই সময়ে জনগণনার কাজে শিক্ষকদের ব্যস্ততা থাকলে পরীক্ষার আয়োজন নিয়ে সমস্যা তৈরি হতে পারে। স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক পাওয়া নিয়েও সংশয় রয়েছে। আবার মাধ্যমিকের দায়িত্ব সামলাতে গিয়ে জনগণনার কাজেও ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে।
এই পরিস্থিতির কথা মাথায় রেখেই ২ নভেম্বর স্কুলশিক্ষা দফতরের কমিশনারকে চিঠি দেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. রামানুজ গঙ্গোপাধ্যায়। সেখানে পরীক্ষার সূচি বদলের প্রস্তাবের অনুমোদন চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।
২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত পরীক্ষার প্রস্তাব
পর্ষদের প্রস্তাবিত নির্ঘণ্ট অনুযায়ী, ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে ২ মার্চ মাধ্যমিক শুরু হতে পারে। পরীক্ষা শেষ করার সম্ভাব্য তারিখ ১৬ মার্চ। তবে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং উচ্চমাধ্যমিকের সেমিস্টার পরীক্ষার সঙ্গে যাতে সূচির সংঘাত না হয়, সেদিকেও নজর রাখা হয়েছে।
কী জানালেন শিক্ষামন্ত্রী?
পরীক্ষার দিনক্ষণ বদলের সম্ভাবনায় ইঙ্গিত দিয়েছেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মনও। তাঁর বক্তব্য, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জনগণনার কাজ চলার কারণে ওই সময় কোনও পরীক্ষা রাখা হবে না বলে মধ্যশিক্ষা পর্ষদকে জানিয়েছে সরকার।
মন্ত্রী জানিয়েছেন, সাধারণত ফেব্রুয়ারিতেই মাধ্যমিক পরীক্ষা হয়। তবে জনগণনার দায়িত্বের সঙ্গে পরীক্ষার আয়োজনের সমস্যা এড়াতেই সূচি পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পর্ষদের পাঠানো প্রস্তাব খতিয়ে দেখার পরই চূড়ান্ত দিনক্ষণ জানানো হবে।
অর্থাৎ, আপাতত ২ মার্চ থেকে মাধ্যমিক শুরু হওয়ার প্রস্তাব রয়েছে। রাজ্য স্কুলশিক্ষা দফতরের চূড়ান্ত অনুমোদন না পাওয়া পর্যন্ত অবশ্য পরীক্ষার নতুন সূচিকে নিশ্চিত বলে ধরে নেওয়া যাবে না।
পুজোর চাঁদা দিতে জোরাজুরি? সরাসরি ফোন করুন পুলিশকে, বিশেষ ব্যবস্থা লালবাজারের
বিধানসভার অন্দরে রহস্যমৃত্যু! শৌচালয় থেকে উদ্ধার দেহ



