আয়ুষ্মান ভারতে চিকিৎসার প্যাকেজের দর বাড়ানোর দাবি বেসরকারি হাসপাতালের

কলকাতা: আয়ুষ্মান ভারত (Ayushman Bharat)-সহ সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্পে চিকিৎসার খরচ বাবদ নির্ধারিত প্যাকেজের দর পর্যালোচনার দাবি জানাল বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির সংগঠন। একই সঙ্গে…
কলকাতা: আয়ুষ্মান ভারত (Ayushman Bharat)-সহ সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্পে চিকিৎসার খরচ বাবদ নির্ধারিত প্যাকেজের দর পর্যালোচনার দাবি জানাল বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির সংগঠন। একই সঙ্গে বকেয়া বিল মেটানোর নির্দিষ্ট সময়সীমা এবং ভবিষ্যতে বিমার টাকা পাওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক সময়সীমা চালুর দাবিও তুলেছে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিং হোম (APHNH)। সোমবার সংগঠনের সদস্যরা জানান, চিকিৎসা পরিষেবায় নৈতিকতা বজায় রাখা এবং সরকারি প্রকল্পে কোনও অনিয়ম হলে তা চিহ্নিত করতে তাঁরা সরকারকে সহযোগিতা করবেন। পাশাপাশি রোগীদের অধিকার রক্ষাতেও তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।
সম্প্রতি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সরকারি স্বাস্থ্য প্রকল্পে কয়েকটি বেসরকারি হাসপাতাল ও থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর (TPA)-এর বিরুদ্ধে কোটি কোটি টাকার ভুয়ো বিল জমা দেওয়ার অভিযোগের কথা জানিয়েছিলেন। এই অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তের কথাও বলেন তিনি। সূত্রের খবর, বেসরকারি হাসপাতালগুলির সংগঠন APHNH-ও এ ধরনের অনিয়মের বিষয়টি রাজ্য সরকারকে জানিয়েছিল।
আয়ুষ্মান প্রকল্পে প্যাকেজের দর নিয়ে আপত্তি
গত অগস্টের মাঝামাঝি সময়ে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY) এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা চালু হয়েছে। তবে স্বাস্থ্যসাথী থেকে কেন্দ্রীয় প্রকল্পে সম্পূর্ণভাবে স্থানান্তরের প্রক্রিয়া এখনও শেষ না হওয়ায় কিছু ক্ষেত্রে স্বাস্থ্যসাথীর অধীনে চিকিৎসা চলছে।
বেসরকারি হাসপাতালগুলির বক্তব্য, আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে কয়েকটি চিকিৎসার প্যাকেজের দর স্বাস্থ্যসাথীর তুলনায় অনেকটাই কম। বিশেষ করে অস্থি-সংক্রান্ত অস্ত্রোপচার এবং বিভিন্ন ধরনের ইমপ্ল্যান্টের ক্ষেত্রে এই ফারাক বেশি। ফলে নির্ধারিত প্যাকেজের মধ্যে থেকে উন্নত মানের ইমপ্ল্যান্ট ও অ্যান্টিবায়োটিক ব্যবহার করা কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে নার্সিংহোমগুলি।
APHNH-র সম্পাদক চিকিৎসক রাজীব কুমার পাণ্ডে বলেন, “আইসিইউ পরিষেবা, অস্ত্রোপচার, অর্থোপেডিক চিকিৎসা এবং ইমপ্ল্যান্ট-সহ বিভিন্ন প্যাকেজের দর নিয়মিত পর্যালোচনার জন্য একটি ব্যবস্থা চালুর আবেদন জানিয়েছি। চিকিৎসার সময় কোনও জটিলতা দেখা দিলে বা অতিরিক্ত চিকিৎসার প্রয়োজন হলে তার খরচ কীভাবে মেটানো হবে, সে বিষয়েও স্পষ্ট নিয়ম থাকা দরকার।”
পাণ্ডের বক্তব্য, কয়েকটি অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে প্যাকেজের দর অত্যন্ত কম। এর ফলে নার্সিংহোমগুলি উন্নত মানের ইমপ্ল্যান্ট ও ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে। এই পরিস্থিতিতে কয়েকটি প্যাকেজের দর বাড়ানোর জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। একই বিষয় জাতীয় স্তরেও তুলে ধরতে সংগঠনের সর্বভারতীয় সভাপতি এইচ এম প্রসন্নকে অনুরোধ করা হয়েছে।
বকেয়া মেটানো ও দাবি নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমার দাবি
বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পে স্থানান্তরের সময় নতুন রাজ্য সরকারের প্রাথমিক পর্যায়ে সরকারি স্বাস্থ্য প্রকল্পের বিলের টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়ায় সাময়িক বিঘ্ন ঘটেছিল। বর্তমানে সেই প্রক্রিয়া ফের নিয়মিত হয়েছে বলে মনে করা হলেও, পুরনো বকেয়া মেটানোর জন্য প্রকাশিত সময়সূচি এবং ভবিষ্যতের দাবিগুলি নিষ্পত্তির ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা চেয়েছে APHNH।
সংগঠনটির অধীনে বর্তমানে প্রায় ১,২০০টি ছোট ও মাঝারি বেসরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র রয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে ডিজিটাল পদ্ধতিতে বিমার দাবির অগ্রগতি জানার ব্যবস্থা, কোনও বিলের টাকা কেটে নেওয়া বা দাবি বাতিল করা হলে তার লিখিত কারণ জানানো এবং সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানানোর জন্য স্বাধীন ব্যবস্থা।
প্যাকেজের টাকা শেষ হলে কী হবে, স্পষ্ট নির্দেশিকা চায় সংগঠন
চিকিৎসকদের বক্তব্য, গুরুতর অসুস্থতা, প্রাণঘাতী দুর্ঘটনা কিংবা ক্যানসারের মতো রোগের চিকিৎসায় অনেক সময় নির্ধারিত প্যাকেজের টাকা শেষ হয়ে যায়। কিন্তু রোগীর চিকিৎসা তখনও চালিয়ে যাওয়ার প্রয়োজন থাকে। সে ক্ষেত্রে অতিরিক্ত খরচ কে বহন করবে, কীভাবে চিকিৎসা চলবে এবং হাসপাতাল কীভাবে সেই টাকা পাবে, তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা নেই বলে দাবি সংগঠনের।
তাই প্যাকেজের নির্ধারিত অর্থ শেষ হয়ে যাওয়ার পর চিকিৎসার খরচ মেটানোর পদ্ধতি নিয়েও রাজ্য সরকারের কাছে নির্দিষ্ট নীতিমালা তৈরির আবেদন জানিয়েছে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির সংগঠন।
The latest news from Kolkata, including traffic updates, civic issues, weather, accidents, administrative decisions, and other important information for daily life, is published in this section. Stay tuned regularly to keep up with all the latest updates from the city.



