0%

দীপাবলিতে ৫০ কেজি চাল ও ৫ হাজার টাকা! চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

SOBDIK NEWS: দীপাবলির আগে চা শ্রমিকদের (Tea Garden Workers) জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উৎসবের মরশুমে উত্তরবঙ্গের বন্ধ, পরিত্যক্ত ও অচল চা বাগানের শ্রমিকদের ৫ হাজার টাকা করে এককালীন আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। পাশাপাশি চা শ্রমিকদের পরিবার পিছু ৫০ কেজি করে চাল দেওয়া হবে। মঙ্গলবার উত্তরকন্যা থেকে এই ঘোষণা করেন তিনি।

চা শ্রমিকদের দীপাবলির উপহার | (Suvendu Adhikari)

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “দুর্গাপুজো, দীপাবলি, ভাইফোঁটা বা ছটপুজোয় বন্ধ চা বাগানের শ্রমিকরা কোনও বোনাস পান না। সেই কারণে সেখানকার ১৯,৫২৪ জন চা শ্রমিককে ৫ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। আজই সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।“

পাশাপাশি চা শ্রমিকদের রেশন নিয়েও বড় সুখবর দিয়েছেন শুভেন্দু। তিনি জানান, দীপাবলির জন্য চা শ্রমিকদের পরিবার পিছু ৩৫ কেজির বদলে ৫০ কেজি করে চাল দেওয়া হবে। আগামীদিনে যাতে মাসে মাসে ৫০ কেজি করেই চাল দেওয়া যায়, সেই বিষয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে বন্ধ ও চালু সব চা বাগানের শ্রমিকরা অতিরিক্ত রেশন পাবেন।

আরও পড়ুনঃ জনগণনার কারণে পিছোচ্ছে ২০২৭ সালের মাধ্যমিক! মধ্যশিক্ষা পর্ষদের প্রস্তাবিত রুটিন দেখুন

উত্তরবঙ্গের বন্ধ চা বাগান খোলা নিয়েও এদিন ফের একবার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এখানে এখনও প্রচুর চা বাগান বন্ধ। সেগুলি দ্রুত খুলতে হবে। আপনারা জব কার্ড তৈরি করুন। শীঘ্রই কাজ শুরু হবে।“

এরপর রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিংকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, “আপনাকেই বন্ধ চা বাগানগুলি খুলতে হবে। সব মুখ্যমন্ত্রী করলে হবে না। সামসিং ও আরও কিছু চা বাগান খুলে গিয়েছে আমি জানি। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনায় শীঘ্রই সব কাজ শুরু হবে।“

উত্তরবঙ্গে চা বাগান বন্ধের সমস্যা আজকের নয়। এর আগে চা শ্রমিকদের জন্য চা সুন্দরী, স্বাস্থ্যসাথী কার্ড, বিনামূল্যে রেশন সহ বেশ কিছু ব্যবস্থা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দীপাবলির আগে তাঁদের জন্য আর্থিক সহায়তা ও বাড়তি রেশনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শীঘ্রই বন্ধ চা বাগানগুলি খোলারও আশ্বাস দিয়েছেন তিনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker