১৯ বছর পর ফের আইপিএলে পাক ক্রিকেটার! কেন নিয়মে আটকাবে না ‘ভারতবিদ্বেষী’ তারকার খেলা?

২০০৮-র পর আর কোনও পাকিস্তানি ক্রিকেটার আইপিএলে খেলেননি। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও খারাপ হয়েছে। কিন্তু ফের কি এক পাক ক্রিকেটারকে আইপিএলে দেখা যাবে? সেই ক্রিকেটার কিন্তু বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ‘যোগ্য’। অর্থাৎ নিয়মের ক্ষেত্রে সেই তারকা পেসারের ভারতে খেলতে কোনও বাধা নেই।
সেই ক্রিকেটারের নাম মহম্মদ আমির (Mohammad Amir)। ৩৪ বছর বয়সি পেসার পাকিস্তানের হয়ে ১৫৯টি ম্যাচ খেলেছেন। সম্প্রতি তিনি আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটের জন্য নাম নথিভুক্ত করেছেন। আগামী ৩ নভেম্বর নিলাম হবে। তবে আমির পাকিস্তানি নয়, নিজের নাম লিখিয়েছেন ব্রিটিশ নাগরিক হিসেবে। একই পদ্ধতিতে তিনি আইপিএলের নিলামের জন্যও নাম লেখাতে পারেন। আর যদি দল পান, তাহলে কিন্তু ভারতে খেলার ‘যোগ্য’।
আসলে ইংল্যান্ডের নাগরিক নার্জিস খানকে বিয়ে করার সৌজন্যে আমির ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। যাবতীয় আইনি প্রক্রিয়া সেরে চলতি বছরের মে মাসে ব্রিটিশ পাসপোর্ট হাতে পেয়েছেন। ফলে এখন তিনি স্থানীয় হিসেবে ব্রিটিশ লিগে খেলার যোগ্য। হান্ড্রেডস লিগে তাঁকে স্কোয়াডে নেয় ট্রেন্ট রকেটস। যেহেতু আমির এখন থেকে ব্রিটিশ নাগরিক, সেই হিসাবে আইপিএলের দরজাও খুলতে পারে তাঁর জন্য।
বাকিটা নির্ভর করছে ফ্র্যাঞ্চাইজিগুলোর উপর। কারণ, তাঁকে নিতে হবে বিদেশি হিসেবে। ৩৪ বছর বয়সি পেসারকে কি ‘বিদেশি’ হিসেবে নিতে রাজি হবে কোনও দল? শুধু তাই নয়, অতীতে একাধিকবার ‘ভারতবিদ্বেষী’ আচরণ করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রমাগত ভারতের বিরুদ্ধে মন্তব্য করেছেন। পহেলগাঁও জঙ্গিহানার পর খেলার মাঠে গলা কাটা ও বোমা ফাটানোর মতো ইঙ্গিত করেছিলেন। ২০১০ সালে কুখ্যাত স্পট ফিক্সিং কাণ্ডের সঙ্গে তাঁর নাম যুক্ত হয়েছিল। দোষ স্বীকার করে নেওয়ার পর পাক পেসারকে নির্বাসিত করা হয়েছিল। এরকম কাউকে কি নিতে চাইবে আইপিএল? উল্লেখ্য, ২৬/১১ হামলার পর থেকে পাক ক্রিকেটারদের জন্য আইপিএলের দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। ২০১২-তে আজহার মাহমুদ আইপিএলে খেলেছিলেন ঠিকই। তবে বিবাহসূত্রে আগেই ব্রিটিশ নাগরিক হয়েছিলেন।
শেয়ার
লিংক



