আমেরিকার আকাশে রহস্যময় বস্তু নিক্ষেপ চিনা বিমানের! কোন বিপদ সংকেত? প্রকাশ্যে ছবি

ফের আমেরিকা-চিন দ্বন্দ্ব! এবার মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) দাবি করল, আমেরিকার আকাশে চিনের অত্যন্ত গোপনীয় ও রহস্যময় রোবোটিক মহাকাশ বিমান ‘শেনলং’-কে দেখা গিয়েছে। সেই ছবিও প্রকাশ করেছে ডিআইএ। অভিযোগ, বছর ছয়েক আগে উৎক্ষেপণ করা ‘শেনলং’ বেশ কিছুদিন ধরেই পৃথিবীর নিম্ন কক্ষপথে, আমেরিকার আকাশে রহস্যময় ও অজ্ঞাত বস্তু নিক্ষেপ করছে। কী বস্তু এবং কেন নিক্ষেপ করা হচ্ছে? বিষয়টি নিয়ে আমেরিকার পাশাপাশি উদ্বিগ্ন আন্তর্জাতিক মহাকাশ নিরাপত্তা মহলও।
আমেরিকার গোয়েন্দা বিভাগ সম্প্রতি শেনলং নিয়ে উদ্বিগ্ন হলেও, ছবি প্রকাশ করলেও, এটি ২০২৪ সালে ‘ওয়ার্ল্ডভিউ ৩’ স্যাটেলাইটের মাধ্যমে প্রায় ৫৬ মাইল দূর থেকে ৪.৫ সেন্টিমিটার রেজোলিউশনে তোলা। ছবিতে দেখা গিয়েছে, চিনা এই মহাকাশ বিমানটি অন্য একটি স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত বা ডক করা অবস্থায় রয়েছে। এর সোলার প্যানেলগুলি ছড়ানো রয়েছে। পে-লোড বে বা জিনিসপত্র রাখার পেছনের দরজাগুলি খোলা রয়েছে।
শেনলং গত ৬ বছর ধরে মহাকাশে সক্রিয় রয়েছে। এখনও পর্যন্ত অন্তত ৯টি রহস্যময় বা অজ্ঞাত বস্তু কক্ষপথে ছেড়েছে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এগুলি হয়তো ছোট ছোট স্যাটেলাইট, যা দিয়ে মহাকাশে অন্য কোনও যানকে ধরা, ডক করা বা চালনা করার প্রযুক্তি পরীক্ষা করা হচ্ছে। উল্লেখ্য, চিনের এই ‘শেনলং’কে দেখতে অনেকটা মার্কিন স্পেস ফোর্সের অত্যন্ত গোপনীয় ও রোবোটিক মহাকাশ বিমান বোয়িং এক্স ৩৭বি (Boeing X-37B)-র মতো।
চিন মহাকাশ বিমানটি বর্তমানে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া তার চতুর্থ মিশনে রয়েছে। সম্প্রতি এটি আমেরিকার ওপর দিয়ে চক্কর কাটে। পরিষ্কার আকাশে খুব ভোরে খালি চোখে এটিকে দেখা সম্ভব বলেই জানিয়েছেন গবেষকেরা। চিনের দাবি, এই পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযানটি মহাকাশ ভ্রমণের প্রযুক্তি পরীক্ষার জন্যই তৈরি করা হয়েছে। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির আশঙ্কা, বেজিং মহাকাশে সামরিক আধিপত্য বিস্তার এবং অন্য দেশের স্যাটেলাইটকে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করার সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে এই অভিযান চালাচ্ছে।
শেয়ার
লিংক



