‘তোমার জন্য সব করতে পারি’, বিগ বসের মঞ্চে স্ত্রীকে ভালোবাসার বার্তা কাজির

রবিবারের পর্বে ‘বিগ বস ২০’-এর ঘরে গায়ক কাজি তৌকিরের বৈবাহিক সম্পর্ক নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা দূর করলেন সঞ্চালক সলমন খান। গায়ক আদৌ বিবাহিত কি না, তাঁর স্ত্রী পেশায় দন্ত চিকিৎসক কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। এদিন সরাসরি কাজিকে এই বিষয়ে প্রশ্ন করেন সলমন। তিনি বলেন, “তাহলে কাজি, নিজের বিয়ে নিয়ে মিথ্যে বললে কেন? তুমি কি বিবাহিত, নাকি নও? তোমার স্ত্রী কি দন্ত চিকিৎসক?”
সলমনের প্রশ্নের উত্তরে কাজি স্পষ্ট জানান, তিনি বিবাহিত। তাঁর স্ত্রীর নাম হিফসা এবং তিনি পেশায় একজন দন্ত চিকিৎসক। স্ত্রীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে কাজি বলেন, “আমার স্ত্রী আছে। ও একজন দন্ত চিকিৎসক। ওর নাম হিফসা। হিফসা শব্দের অর্থ সিংহী। ও আমাকে ভীষণভাবে সমর্থন করেছে। আসলে ওই আমাকে এই শোয়ে অংশ নেওয়ার জন্য উৎসাহ দিয়েছিল। ও ‘বিগ বস’-এর সবচেয়ে বড় অনুরাগী। আমার মনে হয়, ঈশ্বর আমার জন্মের সময়ই ঠিক করে দিয়েছিলেন যে আমি ওকেই বিয়ে করব। ওর খুশির জন্য আমি সব কিছু করতে পারি। তবে হিফসা, আমি তোমাকে ভালোবাসি।”
শুধু কথায় নয়, সলমন খানের ছবি ‘বডিগার্ড’-এর জনপ্রিয় গান ‘আই লাভ ইউ’-এর কয়েকটি লাইন গেয়েও স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন কাজি।
এরপর তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়েও মুখ খোলেন গায়ক। কাজি জানান, প্রথমে হিফসাকে তাঁর ভালো লেগেছিল। তাঁকে বিয়ে করার ইচ্ছাও ছিল। পরবর্তীকালে হিফসাও নিজের অনুভূতির কথা জানালে সম্পর্ককে পরিণতি দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। কাজি জানান, তাঁদের বিয়ে ছিল সম্বন্ধ করে। তবে বিয়ের পর ধীরে ধীরে একে অপরের প্রেমে পড়েন তাঁরা। নিজের জীবনের সাফল্যের পিছনেও স্ত্রীর অবদানের কথা স্বীকার করেছেন গায়ক। তিনি জানান, কেরিয়ারের প্রতিটি ধাপে হিফসা তাঁকে সমর্থন করেছেন এবং আজকের জায়গায় পৌঁছতে সাহায্য করেছেন।
‘বিগ বস ২০’-এর মঞ্চে স্বামীর মুখে ভালোবাসার কথা শোনার পর আবেগঘন বার্তা দিয়েছেন হিফসাও। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কাজির উদ্দেশে একটি দীর্ঘ পোস্ট লিখেছেন তিনি। সেখানে স্বামীর যাত্রাপথ নিয়ে গর্ব প্রকাশ করার পাশাপাশি তাঁর সাফল্য কামনা করেছেন হিফসা।
তিনি লেখেন, “আমি তোমাকে আরও বেশি ভালোবাসি, আমার প্রাণ, আমার প্রিয়তম! তোমাকে নিয়ে আমি ভীষণ গর্বিত। তুমি যে ভালোবাসা, সম্মান এবং মর্যাদা পাচ্ছ, তার সবটুকুই তোমার প্রাপ্য। এটাই তোমার সময়। নিজের আলোয় উজ্জ্বল হয়ে ওঠো, বিশ্ব জয় করো! তোমার স্বপ্ন, যোগ্যতা এবং অসম্ভবকে সম্ভব করে তোলার ক্ষমতার উপর আমার বিশ্বাস রয়েছে। তোমার ডানা যেন দেবদূতের মতো হয়, উড়ে যাওয়ার শক্তি যেন অফুরন্ত থাকে। তোমার সবচেয়ে বড় শক্তি তোমার সততা। এই গুণই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। আমার বিশ্বাস, খুব শীঘ্রই তোমাকে ‘বিগ বস ২০’-এর ট্রফি হাতে দেখতে পাব। মাথা উঁচু করে, প্রাপ্য সম্মান ও মর্যাদা নিয়ে তুমি বিজয়ী হবে। আমাদের জয়ের আনন্দ উদ্যাপন করার জন্য আমি এখানেই অপেক্ষা করছি। যাও, বিশ্ব জয় করো আমার রকস্টার! এই জয় তোমারই।”
আরও পড়ুন: সলমন খানের শোয়ে বড় ধাক্কা! আট সপ্তাহেই বিগ বস থেকে বিদায় ‘পঞ্চায়েত’ খ্যাত আসিফের
এদিকে ‘বিগ বস ২০’-এ কাজি তৌকিরের সমর্থনে মুখ খুলেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। সাংবাদিক শুভঙ্কর মিশ্রের সঙ্গে এক পডকাস্টে কথোপকথনের সময় কাজির গানের প্রশংসা করেন তিনি। জানান, এর আগে একাধিক অনুষ্ঠানে কাজির গান শোনার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
আরও পড়ুন: সলমন খানের শোয়ে বড় ধাক্কা! আট সপ্তাহেই বিগ বস থেকে বিদায় ‘পঞ্চায়েত’ খ্যাত আসিফের
ওমর বলেন, “তৌকিরকে আমি এক-দু’টি কনসার্টে দেখেছি। ও ভাল গান গায়।” ২০০৫ সালে গানের রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’-এর বিজয়ী হয়েছিলেন কাজি। সেই প্রসঙ্গ টেনে ওমর আশা প্রকাশ করেন, এবার ‘বিগ বস ২০’-এর ট্রফিও জম্মু ও কাশ্মীরের জন্য জিততে পারবেন গায়ক। শুধু প্রশংসা করেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। কাজির প্রতি নিজের সমর্থন স্পষ্ট করে তিনি বলেন, “আমি ওকে ভোট দেব।”
সব মিলিয়ে, একদিকে স্ত্রীর আবেগঘন বার্তা, অন্যদিকে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সমর্থন ‘বিগ বস ২০’-এর ঘরে কাজি তৌকিরের জনপ্রিয়তা যে নতুন মাত্রা পাচ্ছে, তা বলাই যায়।
আরও পড়ুন: ‘আমাকে ডাকেনি, তাই দেখা যায়নি’, কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে মিঠুনের মন্তব্যে চর্চা



