চালু EPFO-এর নতুন পরিষেবা! হোয়াটসঅ্যাপেই মিলবে PF ব্যালেন্স থেকে যাবতীয় তথ্য

PF অ্যাকাউন্টে কত টাকা জমেছে, শেষ কবে টাকা জমা পড়েছে কিংবা আগের কয়েকটি লেনদেনের হিসাব কী—এই সমস্ত তথ্য জানতে এতদিন ইপিএফও (EPFO) ওয়েবসাইট বা অন্যান্য পরিষেবার উপর নির্ভর করতে হত সদস্যদের। এবার সেই কাজ আরও সহজ করার উদ্যোগ নিল কেন্দ্রীয় সংস্থা। স্মার্টফোনে WhatsApp থাকলেই নির্দিষ্ট নম্বরে মেসেজ পাঠিয়ে প্রভিডেন্ট ফান্ডের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন গ্রাহকরা।
হোয়াটসঅ্যাপে EPFO-এর নতুন পরিষেবা
নতুন এই ব্যবস্থায় শুধু ব্যালেন্স দেখা নয়, পাসবুক সংগ্রহের সুবিধাও যুক্ত করা হয়েছে। ফলে EPF সদস্যদের জন্য এটি বেশ কার্যকর পরিষেবা হয়ে উঠতে পারে। রবিবার পরিষেবাটি চালু হওয়ার পর সংস্থার তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ বিষয়টি জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, WhatsApp-এর মাধ্যমেই সদস্যরা নিজেদের PF অ্যাকাউন্টের ব্যালেন্স যাচাই করতে পারবেন। পাশাপাশি সর্বশেষ পাঁচটি লেনদেনের খুঁটিনাটি দেখা এবং অ্যাকাউন্টের পাসবুক ডাউনলোড করার ব্যবস্থাও রাখা হয়েছে।
এই পরিষেবা ব্যবহারের জন্য EPFO একটি নির্দিষ্ট WhatsApp নম্বর প্রকাশ করেছে। নম্বরটি হল ৮৭৯৬৪৪১৮০০। এছাড়া সংস্থার তরফে একটি QR কোডও শেয়ার করা হয়েছে। সেটি স্ক্যান করেও সরাসরি সংশ্লিষ্ট WhatsApp পরিষেবায় প্রবেশ করা যাবে।প্রথমে মোবাইলের কনট্যাক্ট তালিকায় ৮৭৯৬৪৪১৮০০ নম্বরটি সেভ করুন। তারপর WhatsApp খুলে ওই নম্বরে চ্যাট চালু করতে, ‘Hi’ লিখে পাঠালে চ্যাটবটের তরফে পরবর্তী নির্দেশ পাওয়া যাবে। এরপর পরিচয় যাচাইয়ের ধাপ সম্পূর্ণ করতে হবে। তবে তার আগে নিশ্চিত হয়ে নিন, WhatsApp-এ ব্যবহৃত মোবাইল নম্বরটি আপনার UAN-এর সঙ্গে যুক্ত রয়েছে। এই সংযোগ না থাকলে যাচাইকরণে সমস্যা হতে পারে। যাচাইকরণ সফল হলে বিভিন্ন পরিষেবার তালিকা সামনে আসবে।
সেখান থেকে নিজের প্রয়োজন অনুযায়ী PF অ্যাকাউন্টের ব্যালেন্স, সাম্প্রতিক লেনদেনের হিসাব অথবা পাসবুক ডাউনলোডের বিকল্প নির্বাচন করতে হবে। পছন্দের পরিষেবায় প্রবেশ করলেই সংশ্লিষ্ট তথ্য পাওয়া যাবে। WhatsApp নম্বরটি আলাদা করে সেভ করতে না চাইলে EPFO-র দেওয়া QR কোড স্ক্যান করে মেসেজ করতে পারেন।
আরও পড়ুন : ইউপিআইয়ে ঐতিহাসিক রেকর্ড! অক্টোবরে দৈনিক লেনদেনের অঙ্ক প্রথমবার ছাড়াল ১ লক্ষ কোটি টাকা
সদস্যদের তথ্যের নিরাপত্তা এবং পরিষেবার নির্ভরযোগ্যতাও সমান গুরুত্বপূর্ণ। তাই নির্দিষ্ট EPFO নম্বর ও সরকারি QR কোড ব্যবহার করেই যোগাযোগ করা উচিত। অচেনা নম্বরে UAN, OTP বা ব্যক্তিগত ব্যাঙ্কের তথ্য শেয়ার করবেন না। সঠিক পদ্ধতি মেনে ব্যবহার করলে WhatsApp-এর এই ব্যবস্থা PF সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য হাতের কাছে পাওয়ার একটি সহজ মাধ্যম হয়ে উঠতে পারে।



