0%

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখনও নিরাপদ নয়, মাইন থাকার আশঙ্কা উড়িয়ে দিতে পারছে না আইএমও

তেহরান, ৩ নভেম্বর : হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নির্ধারিত পথে থাকা মাইন সম্পূর্ণ সরানো হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। সংস্থার মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ সতর্ক করে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ওই প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখনও নিরাপদ নয়।

সোমবার লন্ডনে আইএমওর সদর দপ্তরে এক প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখতে গিয়ে ডোমিঙ্গেজ সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল না করার বিষয়ে সংস্থার আগের পরামর্শ পুনর্ব্যক্ত করেন। মাইন থাকার আশঙ্কা নিয়ে ইরান ও আমেরিকার পরস্পরবিরোধী বক্তব্যের প্রেক্ষিতেই এই সতর্কতা জারি করা হয়েছে।

ইরানের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে, অনুমোদনহীন পথে প্রবেশের পর বেশ কয়েকটি জাহাজ মাইনে আঘাতপ্রাপ্ত হয়েছে। অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড এই দাবি অস্বীকার করে জানিয়েছে, আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথে থাকা মাইন সরিয়ে ফেলা হয়েছে।

চিনের সংবাদ সংস্থা সিনহুয়াকে দেওয়া উত্তরে ডোমিঙ্গেজ জানান, হরমুজ প্রণালীর নির্ধারিত জাহাজ চলাচলের পথ থেকে সমস্ত মাইন সরানো হয়েছে বলে তাঁদের কাছে কোনও নিশ্চিত তথ্য নেই। তিনি বলেন, ওই অঞ্চলে কোনও মাইন নেই, এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তাই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সুপারিশ করছে না আইএমও।

উল্লেখ্য, আইএমও নির্ধারিত ট্রাফিক সেপারেশন স্কিম বর্তমানে কার্যকর নেই। বর্তমানে যে জাহাজগুলি প্রণালী অতিক্রম করছে, সেগুলির কয়েকটি ইরানের নিয়ন্ত্রণাধীন জলসীমার মধ্য দিয়ে উত্তরের বিকল্প পথ ব্যবহার করছে। অন্যদিকে, কয়েকটি জাহাজ মার্কিন নৌবাহিনীর নিরাপত্তা সহায়তা নিয়ে ওমান উপকূলের কাছাকাছি দক্ষিণের পথ ব্যবহার করছে।

ডোমিঙ্গেজ জানান, আইএমও এই বিকল্প ব্যবস্থাগুলিকে অনুমোদন করেনি। ফলে ওই পথগুলিতে নিরাপদে জাহাজ চলাচলের কোনও নিশ্চয়তা দিতে পারছে না সংস্থা।

তিনি আরও জানান, বেশ কয়েকটি জাহাজ অজ্ঞাত পরিচয় ক্ষেপণাস্ত্র বা অন্য ধরনের উড়ন্ত অস্ত্রের আঘাতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘাতের পরিস্থিতিতে তদন্ত চালানো কঠিন হওয়ায় কিছু ঘটনার ক্ষেত্রে মাইন, ড্রোন নাকি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে এর ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল যে নিরাপদ নয়, সেই সতর্কবার্তার কোনও পরিবর্তন হচ্ছে না বলেও জানান তিনি।

আইএমওর হিসাব অনুযায়ী, অক্টোবর মাসে হরমুজ প্রণালী এবং তার আশপাশের জলসীমায় জাহাজের উপর প্রায় ৩০টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। হামলার সংখ্যার নিরিখে মাসটি অন্যতম উদ্বেগজনক হয়ে উঠেছে। কয়েকটি ঘটনায় তেল ছড়িয়ে পড়া এবং অন্যান্য পরিবেশদূষণের ঘটনাও ঘটেছে।

ডোমিঙ্গেজ জানান, বর্তমানে উপসাগরীয় অঞ্চলে প্রায় ৩৫০ থেকে ৪০০টি জাহাজে প্রায় ৬,০০০ নাবিক আটকে রয়েছেন। তাঁদের খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ, চিকিৎসা পরিষেবা, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করতে আঞ্চলিক দেশগুলি, আন্তর্জাতিক পরিবহণ শ্রমিক ফেডারেশন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে আইএমও।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker