মেদিনীপুর মেডিক্যালের হাল ফেরাতে উদ্যোগী JSW, কী প্রস্তাব দিলেন সজ্জন জিন্দল?

কলকাতা: মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে এগিয়ে আসতে চায় JSW গোষ্ঠী। বুধবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দিয়েছেন শিল্পপতি…
কলকাতা: মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে এগিয়ে আসতে চায় JSW গোষ্ঠী। বুধবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দিয়েছেন শিল্পপতি সজ্জন জিন্দল। শুধু স্বাস্থ্য পরিষেবা নয়, রাজ্যের পুরনো মন্দির সংস্কার এবং নতুন শিল্প বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে দু’পক্ষের মধ্যে।
বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সম্পূর্ণ দায়িত্ব নিতে আগ্রহী JSW গোষ্ঠী। তবে এর পিছনে কোনও বাণিজ্যিক উদ্দেশ্য নেই। সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নিতে চায় তারা। হাসপাতালের হার্টের চিকিৎসা পরিষেবা এবং সদ্যোজাতদের জন্য এসএনসিইউ ইউনিট গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে স্বাস্থ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারের নির্ধারিত শর্ত মেনেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজ্যের ঐতিহ্যবাহী মন্দিরগুলির রক্ষণাবেক্ষণেও আগ্রহ দেখিয়েছেন সজ্জন জিন্দল। মুখ্যমন্ত্রীর কথায়, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি প্রাচীন মন্দির সংস্কারের দায়িত্ব নিতে চায় JSW গোষ্ঠী। বর্তমানে সেই মন্দিরগুলির তালিকা তৈরির কাজ চলছে।
শালবনীর বিদ্যুৎ প্রকল্পে নতুন অগ্রগতি
বৈঠকে শিল্প বিনিয়োগ নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে শালবনীর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভূমিপুজো করতে পারেন সজ্জন জিন্দল। পাশাপাশি স্থানীয় যুবকদের কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রের পরিধি বাড়ানোর কথাও বলেছেন তিনি।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিল থেকে শালবনীতে ১৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র তৈরির কাজ চলছে। প্রায় ১৬ হাজার কোটি টাকার এই প্রকল্প চালু হলে পশ্চিম মেদিনীপুর ও আশপাশের এলাকায় শিল্পের প্রসারের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা।
সূত্রের খবর, বিদ্যুৎ, ইস্পাত, সিমেন্ট ও বন্দর শিল্পেও জিন্দল গোষ্ঠীর সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। তবে নির্দিষ্ট বিনিয়োগের অঙ্ক বা প্রকল্পের বিষয়ে এখনও কোনও ঘোষণা হয়নি।
মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের দখল, চাপে ট্রাম্প! ভারত-পাকিস্তানে কী প্রভাব?
ত্রিপুরায় বিএসএফের উপর হামলা, সীমান্তে স্থানীয়দের সঙ্গে দূরত্বই কি দায়ী?



