0%

২০২৭ সালে অনেকটাই পিছোচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক! প্রকাশ্যে এল সম্ভাব্য দিনক্ষণ

SOBDIK NEWS: ২০২৭ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়া। দেশজুড়ে জনগণনার কাজের দরুণ আগামী বছরের পরীক্ষার নির্ঘণ্টে বড়সড় রদবদল ঘটতে পারে। জনগণনার কাজে স্কুলশিক্ষকদের বড় অংশকে দায়িত্ব দেওয়া হলে পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে তৈরি হতে পারে কর্মীসংকট। এই আশঙ্কা থেকেই ফেব্রুয়ারির বদলে মার্চে মাধ্যমিক আয়োজনের পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। শুধু মাধ্যমিক নয়, এর প্রভাব পড়তে পারে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষাতেও।

কবে হবে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Madhyamik HS Exam)?

পর্ষদের প্রস্তাব অনুযায়ী, আগামী বছরের মাধ্যমিকের প্রথম পরীক্ষা হতে পারে ২ মার্চ। আগে ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর সম্ভাব্য দিনক্ষণ নির্ধারিত ছিল। কিন্তু জানুয়ারি থেকে জনগণনার প্রথম পর্যায়ের তথ্য সংগ্রহ শুরু হওয়ার কথা থাকায় সেই পরিকল্পনা বদলের প্রয়োজন দেখা দিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের এই কাজ ১ মার্চ পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। রাজ্যের বহু শিক্ষক এই কাজে যুক্ত থাকবেন। ফলে ফেব্রুয়ারিতে পরীক্ষা হলে পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব সামলানোর মতো পর্যাপ্ত শিক্ষক ও পরিদর্শক পাওয়া নিয়ে সমস্যা দেখা দিতে পারে।

এই পরিস্থিতিতে নতুন পরীক্ষাসূচির অনুমোদন চেয়ে ২ নভেম্বর স্কুলশিক্ষা দফতরের কমিশনারকে চিঠি পাঠান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদের পাঠানো প্রস্তাবিত রুটিন অনুযায়ী, ২ মার্চ প্রথম ভাষা দিয়ে শুরু হতে পারে পরীক্ষা। পরের দিন, অর্থাৎ ৩ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর ৫ মার্চ ইতিহাস, ৮ মার্চ ভূগোল, ১২ মার্চ গণিত, ১৩ মার্চ ভৌতবিজ্ঞান, ১৫ মার্চ জীবনবিজ্ঞান এবং ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হওয়ার কথা রয়েছে। সেই হিসাবে গোটা পরীক্ষা পর্ব চলতে পারে ১৬ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন :মানত করলেই মেলে চাকরি? বাঁকুড়ার ‘সার্ভিস কালী’ মন্দিরের মাহাত্ম্য জানলে অবাক হবেন

মাধ্যমিকের সূচি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও নতুন করে পরীক্ষার দিনক্ষণ নির্ধারণের কথা ভাবছে। ২০২৬ সালে উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা হয়েছিল ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি। কিন্তু ২০২৭ সালের ফাইনাল সেমেস্টারের রুটিন এখনও প্রকাশ করা হয়নি। সংসদের এক আধিকারিকের বক্তব্য, জনগণনা কমিশনের তরফে তাঁদের কাছেও চিঠি এসেছে। পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষার সম্ভাব্য সময় জানতে চেয়ে মঙ্গলবার শিক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ করেছে সংসদ। সংসদ সভাপতি অসিতকুমার মণ্ডল জানিয়েছেন, মাধ্যমিকের সম্ভাব্য নতুন রুটিনের সঙ্গে সামঞ্জস্য রেখেই উচ্চমাধ্যমিকের পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। সেই অনুযায়ী, ১৬ মার্চের পর চতুর্থ সেমেস্টারের পরীক্ষা শুরু হতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker