সিএসকের কাছে ‘চাকরি’ চাইলেন রায়না! কী জানাল ধোনির ফ্র্যাঞ্চাইজি?

সিএসকে সমর্থকদের কাছে মহেন্দ্র সিং ধোনির পরেই যাঁর জায়গা, তিনি সুরেশ রায়না। ধোনি যদি ‘থালা’ হন, তবে রায়না তাঁদের কাছে ‘চিন্না থালা’। চারটি আইপিএল এবং দু’টি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি খেতাবজয়ী দলের অন্যতম ভরসা ছিলেন তিনি। চেন্নাইয়ের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক রায়না। এখন ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যায় তাঁকে। এবার ফের হলুদ জার্সির টানে মাঠে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন। চেন্নাইয়ের কোচ হিসাবে দায়িত্ব নিতে চান তিনি। সেই লক্ষ্যে ফ্র্যাঞ্চাইজির কাছে প্রস্তাবও পাঠিয়েছেন।
এক সময়ের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে এই ইচ্ছার কথা জানান ৩৯ বছরের রায়না। রায়না বলেন, “আইপিএলে প্রায় ১৬-১৭ বছর ধরে খেলেছি। চেন্নাইয়ের হয়ে প্রচুর রান করেছি। অনেক ফাইনালেও খেলেছি। ওদের সঙ্গে কাজ করতে চাই। ম্যানেজমেন্টের কাছেও ইচ্ছার কথা জানিয়েছি। প্রস্তাবও দিয়েছি। এখন সিদ্ধান্ত ওদের হাতে। আমরা দু’জনেই অবসর নিয়েছি। তাই ওরা আমাদের দায়িত্ব দিতে চাইবে কি না, সেটা ওদেরই ঠিক করতে হবে।”
চেন্নাইয়ের প্রতি নিজের আবেগের কথাও গোপন করেননি তিনি। রায়নার কথায়, “আমরা নিজেদের দায়িত্ব পালন করেছি। একসঙ্গে অনেক ট্রফি জিতেছি। এখন ফ্র্যাঞ্চাইজি আমাদের অভিজ্ঞতাকে কীভাবে কাজে লাগাতে চায়, সেটাই দেখার। আইপিএলের শুরু থেকেই আমি এই দলের সঙ্গে রয়েছি। তাই ওরা যদি মনে করে এই দায়িত্ব সামলানোর যোগ্যতা আমার রয়েছে, তা হলে খুশি মনেই দায়িত্ব গ্রহণ করব। হলুদ জার্সিই আমার কাছে সব কিছু।”
কোচ হলে তরুণ ক্রিকেটারদের কী শেখাতে চান? রায়নার জবাব, “আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএল এবং বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আমার রয়েছে। বড় ফাইনালে নামার আগে ক্রিকেটারদের উপর কী ধরনের মানসিক চাপ তৈরি হয়, তা আমি খুব ভালো করেই জানি। আইপিএলের প্লে-অফে এখনও পর্যন্ত আমার রানই সর্বাধিক। সেই অভিজ্ঞতা দলের তরুণ ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নিতে চাই।”
তবে রায়নার সেই প্রস্তাবে এখনও সাড়া দেয়নি চেন্নাই সুপার কিংস। বরং এবারের কোচিং কাঠামোয় ব্যাটিং কোচের পদই রাখা হয়নি। দলের হেডকোচ জাহির খান। বোলিং কোচ হিসাবে দায়িত্ব পেয়েছেন চেন্নাইয়ের প্রাক্তন ক্রিকেটার মোহিত শর্মা। সহকারী কোচের দায়িত্বে গ্যারেথ ব্যাটি এবং অ্যালবি মর্কেল। তাই ‘চিন্না থালা’কে ফের চেন্নাইয়ের ডাগআউটে দেখা যাবে কি না, তার উত্তর আপাতত অজানা।
শেয়ার
লিংক



