কালীপুজোর আগেই বড় নিয়োগের ঘোষণা ! ৭১৯০ পদে নিয়োগের দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

SOBDIK NEWS: রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থায় প্রশাসনিক কাজের গতি বাড়াতে এবার বড়সড় কর্মী নিয়োগের পথে হাঁটছে সরকার।২০২৭ সালে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে ৭ হাজার ১৯০ জনকে নিয়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্তরে কর্মীর অভাবের কথা সামনে আসছিল। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বিভাগের শূন্যতা পূরণ না হলে উন্নয়নমূলক প্রকল্পের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, সেই জন্যই এই নিয়োগের পরিকল্পনা।
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)
বুধবার সকালে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। পর্যালোচনায় অংশ নেন মন্ত্রী দিলীপ ঘোষ এবং রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকেরা। বৈঠকে দফতরের কর্মীসংখ্যা, কাজের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতের নিয়োগ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী বছর এই দফতরে মোট ৭ হাজার ১৯০টি পদে নিয়োগ করা হবে।
মুখ্যমন্ত্রীর কথায়, “আজকের রিভিউ মিটিংয়ে সব ডিএম-রা ছিলেন। ৭হাজার ১৯০ জনের নিয়োগ হবে। পরিচ্ছন্ন রিক্রুটিমেন্ট হবে। দীপাবলির পর নিয়োগের রুল পরিবর্তন হবে। ২০২৭ সালেই পঞ্চায়েত দফতরে এই নিয়োগ করা হবে।” এই নিয়োগের পরিকল্পনা অবশ্য একেবারে নতুন নয়। সরকার গঠনের পর থেকেই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে কর্মী নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ।
আরও পড়ুন : রেশনে পোকা ধরা চাল বা কম চাল দিচ্ছে? বাড়ি বসে অভিযোগ জানানোর সহজ উপায় জানুন
অন্যদিকে, দীর্ঘমেয়াদি নিয়োগ সম্পূর্ণ হওয়ার অপেক্ষায় দফতরের দৈনন্দিন কাজ যাতে থেমে না থাকে, তার জন্য আপাতত চুক্তির ভিত্তিতে আরও কর্মী নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই পর্যায়ে এক হাজার কর্মীকে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হবে। তিনি বলেন, “১০০০ কনট্রাক্টচুয়াল কর্মী নেওয়া হচ্ছে। কর্মী কম থাকার কারণে যাতে কাজ আটকে না থাকে সেই বিষয়টা দেখা হচ্ছে।” কর্মী নিয়োগের পাশাপাশি পঞ্চায়েত দফতরের নিজস্ব পরিকাঠামো তৈরির পরিকল্পনাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান, “রাজ্য সরকারের একটা উপহার। নিউটাউনে একটা নতুন পঞ্চায়েত ভবন তৈরি করা হবে ৫ একর জমিতে। যেখানে প্রশাসনিক ভবন ও বিধানসভা তৈরি হচ্ছে।” নিয়োগের ঘোষণা সামনে এলেও চাকরিপ্রার্থীদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে পরবর্তী সরকারি বিজ্ঞপ্তি।



