অভিষেকের পিএ-কে জেরা করে মিলেছিল হদিশ! তৃণমূলের পার্টি অফিস থেকে কোটি টাকা উদ্ধার পুলিশের

SOBDIK NEWS: তৃণমূলের (Trinamool Congress) পার্টি অফিসে অভিযান চালিয়ে কোটি টাকা উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সরিষায় তৃণমূলের (TMC) একটি পার্টি অফিসে অভিযান চালানো হয়েছিল। সেখান থেকে মোট ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়েছে। ডায়মন্ড হারবার পুলিশ জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ-কে জেরা করে এই টাকার সন্ধান পাওয়া গিয়েছে।
তৃণমূলের পার্টি অফিস থেকে কোটি টাকা উদ্ধার | (Trinamool Congress)
ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার জানান, অভিষেকের আপ্তসহায়ক সুমিতকে জেরা করে ওই বিপুল পরিমাণ টাকার সন্ধান পাওয়া গিয়েছে। তাঁকে জেরার সময় পাওয়া সূত্র ধরে সরিষায় তল্লাশি চালালে তৃণমূলের একটি পার্টি অফিস থেকে প্রায় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়।
এদিকে তৃণমূলের দাবি, সংশ্লিষ্ট দলীয় কার্যালয়টি তাঁরা ইজারা নিয়ে চালাত। ২০২৩ সালে তিন বছরের জন্য সেটি ইজারা নেওয়া হয়। গত ২১ মে রাতে সেখানে ভাঙচুর ও লুটপাট করে দুষ্কৃতীরা। এই নিয়ে পুলিশের কাছে অভিযোগও জানানো হয়েছিল। ওই ঘটনার পর বাড়ির মালিককে বাড়িটি ফেরত দিয়ে দেওয়া হয়।
আরও পড়ুনঃ টাকা ফেরত না দিলে ভুয়ো উপভোক্তাদের বিরুদ্ধে FIR! আবাস যোজনা নিয়ে কড়া নির্দেশ রাজ্যের
অন্যদিকে শালবনির জমি দুর্নীতি মামলার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার আশুতি থানা এলাকার মাটি চুরির মামলায় সুমিতের নাম জড়িয়েছে। শালবনির মামলায় আগে থেকেই জেল হেফাজতে ছিলেন তিনি। গত শনিবার আশুতির মামলায় তাঁকে হেফাজতে নিয়েছে পুলিশ।
ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার জানান, হেফাজতে নিয়ে সুমিতকে দীর্ঘক্ষণ জেরা করার পর কিছু সূত্র পাওয়া গিয়েছিল। তার ভিত্তিতে তল্লাশি চালিয়ে সংশ্লিষ্ট পার্টি অফিস থেকে কোটি টাকা উদ্ধার হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “পার্টি অফিসটি কার সেটা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এটি তৃণমূলের কার্যালয় ছিল। কে চালাতেন, সেটা খতিয়ে দেখা হচ্ছে।“ পুলিশের অনুমান, কালীতলা আশুতি থানার মামলার সঙ্গে এর যোগ রয়েছে।
রাজ্যে পালাবদলের পরেই শালবনি জমি দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছিল অভিষেকের আপ্তসহায়ক সুমিতের। ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। গত শনিবার আশুতির মামলায় তাঁকে শোন অ্যারেস্ট করেছে পুলিশ। এবার তাঁকে জেরা করে পাওয়া সূত্র ধরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল।



