0%

ব্যাটে-বলে তুখোড় টিম ইন্ডিয়া, নিউজিল্যান্ডে কোহলির নজিরে জয় দিয়ে সিরিজ শুরু শুভমানদের

নিউজিল্যান্ড: ১৮৫/১০ (সেইফার্ট ৩৮, টিকনার ৩৪, অর্শদীপ ৭০/৪, গুর্নুর ৪৪/৩)
ভারত: ১৪৩/৫ কোহলি ৭৪, গিল ৩৭, ডাফি ৪৯/৩, স্মিথ ২১/১)
ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ উইকেটে জয়ী ভারত। 

বয়স যে তাঁর কাছে নিছকই একটা সংখ্যা, আরও একবার তা প্রমাণ করলেন বিরাট কোহলি (Virat Kohli)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডেতে নতুন ইতিহাস গড়লেন ভারতীয় তারকা। তাঁর দুরন্ত ৭৪ রানের সুবাদে কিউয়ি-ভূমে জিতে সিরিজ শুরু করল শুভমান গিলের ভারত। প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের ‘শাসনে’ ১৮৫ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। সেই রান ৫ উইকেটে তুলে নেয় গম্ভীর বাহিনী। 

অকল্যান্ডের ইডেন পার্কে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল। তাঁর সিদ্ধান্ত যে কতটা সঠিক, তা বোঝা গেল সময় গড়ানোর সঙ্গে সঙ্গে। শুরু থেকেই আগুনে গতিতে বল করতে থাকেন অর্শদীপ সিং ও গুর্নুর ব্রার। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকেন কিউয়িরা। অর্শদীপের বলে ৯ রানে ফেরেন উইল ইয়ং। তারপর ফেরালেন হেনরি নিকোলিসকেও। সব মিলিয়ে তাঁর ঝুলিতে ৪ উইকেট। তরুণ তুর্কি গুর্নুর ব্রারও যোগ্য সঙ্গ দেন। বিশেষ করে নিজের বলে টম ল্যাথামের যে ক্যাচটা ধরলেন, তা প্রশংসা যোগ্য। তাঁর সংগ্রহ ৩ উইকেট। অংশুল কাম্বোজও বাউন্সারে ব্যতিব্যস্ত করে দু’উইকেট পান। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান টিম সেইফার্টের। তাঁর সংগ্রহ ৪৩ বলে ৩৮। গ্লেন ফিলিপ্স ৩০ ও ড্যারিল মিচেল করেন ২৮ রান। একেবারে শেষে এসে ব্লেয়ার টিকনার ২৩ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস না খেললে নিউজিল্যান্ডের জন্য আরও লজ্জা অপেক্ষা করছিল। ৪০.২ ওভারে মাত্র ১৮৫ রানে শেষ হয় নিউজিল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা। এর পর ভারত অধিনায়ক শুভমান গিলের সঙ্গে হাল ধরেন বহুযুদ্ধের নায়ক বিরাট কোহলি। তিনি খেললে নজির হবে না, তা কি হয়? তিন নম্বরে ব্যাট করতে নেমে ওয়ানডে ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ৩৭ বছরের কোহলি। এই মাইলস্টোনে পৌঁছতে তাঁর প্রয়োজন ছিল মাত্র ১২ রান। এই ম্যাচের ১৩তম বলে কাইল জেমিসনের বল লং লেগের দিকে ঠেলে এক রান নিয়ে সেই নজির গড়েন তিনি। বিশ্বের আর কোনও ব্যাটার ওয়ানডেতে তিন নম্বরে ব্যাট করে ১৩ হাজার রান করতে পারেননি। এই তালিকায় দ্বিতীয় অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং (১২,৬৬২ রান)। তৃতীয় স্থানে কুমার সঙ্গকারা (৯,৭৪৭)। চতুর্থ জ্যাক কালিস (৭,৭৭৪)। পঞ্চম কেন উইলিয়ামসন (৬,৫০৪)। অর্থাৎ, কোহলি ছাড়া এই তালিকায় আর কোনও ব্যাটার ১০ হাজার রানের গণ্ডিও পেরতে পারেননি।

মাত্র ২৫১টি ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছেন কোহলি। তিন নম্বরে ব্যাট করে তাঁর গড় ৬১-এর বেশি। রয়েছে ৪৮টি সেঞ্চুরি। ৭০টি হাফসেঞ্চুরি। নিউজিল্যান্ডের মাটিতেও বরাবরই সফল ভারতীয় তারকা। বুধবারের ম্যাচের আগে সেদেশে ১৩টি ওয়ানডেতে তাঁর সংগ্রহ ছিল ৫৯০ রান। গড় প্রায় ৫০। রয়েছে একটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি। এদিন বৃষ্টিতে অন্তত বার দু’য়েক খেলা থমকে যায়। শেষ পর্যন্ত ভারতের জয়ের লক্ষ্য গিয়ে দাঁড়ায় ১৪৩ রান। জয়ের রান পার করতে কোনও সমস্যা হয়নি মেন ইন ব্লুর।

শেষ পর্যন্ত কোহলি থামলেন ৫১ বলে ৭৪ রানে। তাঁর ইনিংস সাজানো ১৩ চার, একটি ছক্কা দিয়ে। তাঁর সমর্থকরা কিছুটা হলেও হাপিত্যেশ করবেন আজ। বৃষ্টির কারণে লক্ষ্য কমে না গেলে হয়তো আরও একটা সেঞ্চুরি করতেন তাঁদের ‘কিং’। শেষ পর্যন্ত ২২.৪ ওভারে ৫ উইকেটে জয়ের রান তোলে ভারত। শুভমান করলেন ৩৭। তবে তিনি আউট হতে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে যেভাবে ধস নামল, তা নিয়ে চিন্তা থাকবে। শ্রেয়স আইয়ার (১৫), অক্ষর প্যাটেল (০)। অপরাজিত থাকলেন কেএল রাহুল (৩), নমন ধীর (৫)। ১০ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পান অংশুল কম্বোজ। 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker