0%

৩ দিনে বিনিয়োগকারীদের সম্পদে ১০ লক্ষ কোটির বৃদ্ধি! দীপাবলির আগে শেয়ার বাজারে রকেটের গতি

বাংলা হান্ট ডেস্ক: দীপাবলির আগে ভারতীয় শেয়ার বাজার (Share Market) তার ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রেখেছে। বুধবার অর্থাৎ ৪ নভেম্বর বাজার ইতিবাচক ধারায় বন্ধ হয়েছে। যেখানে সেনসেক্স (Sensex) ৩৮৩.৫৫ পয়েন্ট বা ০.৫০ শতাংশ বেড়ে ৭৭,৩০১.৪০ পয়েন্টে বন্ধ হয়েছে এবং নিফটি ১৪৯.৭৫ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ বেড়ে ২৩,৯৬০.৬০ পয়েন্টে পৌঁছেছে। এদিকে, ভারতীয় শেয়ার বাজারে এই ক্রয় প্রবণতার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। সবচেয়ে বড় কারণ হল অপরিশোধিত তেলের দাম কমে আসা। এছাড়াও, ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমনের আশাও বাড়ছে। বিশেষ করে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের (Donald Trump) পরাজয়ের পর, মনে করা হচ্ছে যে মার্কিন-ইরান যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে। যা বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের সরবরাহ স্বাভাবিক করবে বলে অনুমান করা হচ্ছে। দ্বিতীয় প্রধান কারণটি হল AI স্টকগুলিতে বিক্রয়; যার ফলে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বাজারে ফিরে আসছেন এবং ভারতের FMCG, মিডিয়া এবং রিয়েল এস্টেটের মতো সেক্টরগুলিতে বাজি ধরছেন।

দীপাবলির আগে শেয়ার বাজারে (Share Market) রকেটের গতি:

৩ দিনে ১০.৭২ লক্ষ কোটি টাকার বৃদ্ধি: জানিয়ে রাখি যে, BSE-র তথ্য অনুযায়ী, গত ২ নভেম্বর, ২০২৬ তারিখে সমস্ত লিস্টেড কোম্পানির মোট মার্কেট ক্যাপ ছিল প্রায় ৪,৮২,৭৪,৬৫২ কোটি টাকা। ৩ নভেম্বর এটি বেড়ে ৪,৮৭,৬৫,৬৩৬ কোটি টাকা হয়। এদিকে, ৪ নভেম্বর বাজার বন্ধের সময় মোট মার্কেট ক্যাপ প্রায় ৪,৯৩,৪৬,৭৯৮ কোটি টাকায় পৌঁছে যায়। এভাবে গত ২ নভেম্বর থেকে ৪ নভেম্বরের মধ্যে মোট মার্কেট ক্যাপ প্রায় ১০.৭২ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এদিকে, বুধবারের এই তেজিভাব শুধু লার্জ-ক্যাপ স্টকের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বরং, মিড-ক্যাপ এবং স্মল-ক্যাপ স্টকেও জোরালো ক্রয় দেখা গেছে। নিফটি মিডক্যাপ ১০০ সূচক ১.৫৫ শতাংশ বেড়ে বন্ধ হয়েছে। এদিকে, নিফটি স্মলক্যাপ ১০০ সূচক ২ শতাংশ বেড়েছে। এছাড়াও, নিফটি মিডক্যাপ ১৫০ ১.৬০ শতাংশ এবং নিফটি স্মলক্যাপ ৫০ ২.০৩ শতাংশ বেড়েছে।

বাজারে সার্বিক ক্রয়ের বিষয়টি এটা থেকেই অনুমান করা যায় যে, NSE-তে লেনদেন হওয়া স্টকগুলির মধ্যে ২,৭২০ টি স্টকের দাম বেড়েছে। অন্যদিকে ৮৮৪ টি স্টকের দাম কমেছে। অপরদিকে, BSE-তে ৩,০৭৪ টি স্টকের দাম বেড়েছে এবং ১,৩১১ টি স্টকের দাম কমেছে। এদিকে, মিডিয়া এবং রিয়েলটি সেক্টরের স্টকগুলিতে সবচেয়ে বেশি লাভ দেখা গেছে।সেক্টর ভিত্তিক বিশ্লেষণে, বুধবার নিফটি মিডিয়া সূচক ৫.১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে শীর্ষে ছিল। এদিকে, নিফটি রিয়েলটি ২.৮৫ শতাংশ, নিফটি মেটাল ২.৮০ শতাংশ এবং নিফটি কনজিউমার ডিউরেবলস ২.০৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: গ্রিন এনার্জি এবং পাওয়ার সেক্টরে আসবে বিপ্লব! সরকার অনুমোদন করল ১৪,৫০০ কোটির মেগা প্ল্যান

এছাড়াও এফএমসিজি, অটো, ব্যাঙ্কিং এবং আর্থিক পরিষেবা সেক্টরের স্টকেও ক্রয় দেখা গেছে। তবে, IT সেক্টর বাজারের এই তেজিভাবের অংশীদার হতে ব্যর্থ হয়েছে। নিফটি IT সূচক ১.৫০ শতাংশ কমে বন্ধ হয়েছে। এটা থেকে স্পষ্ট যে, বাজারে তেজিভাব থাকা সত্ত্বেও কিছু সেক্টরে বিক্রির চাপ অব্যাহত ছিল।

আরও পড়ুন: অলিম্পিক আয়োজনের দৌড়ে অনেকটাই এগিয়ে ভারত! মিলল বড় আপডেট

বাজারের অস্থিরতা নিয়ে আশঙ্কা কমেছে: জানিয়ে রাখি যে, বাজারের তেজিভাবের ফলে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমছে বলে অনুমান করা হচ্ছে। ইন্ডিয়া ভিআইএক্স (India VIX) এই ইঙ্গিতই দিয়েছে। বুধবার, ইন্ডিয়া ভিআইএক্স ৩.০৮ শতাংশ কমে ১৫.২৪-এ নেমে আসে। ভিআইএক্স-এর এই পতনকে স্বল্পমেয়াদি বাজারের অস্থিরতা নিয়ে আশঙ্কা কমার লক্ষণ হিসাবে দেখা হচ্ছে। তবে, সামগ্রিকভাবে দীপাবলির আগে শেয়ার বাজারের এই উত্থান বিনিয়োগকারীদের স্বস্তি এনে দিয়েছে। যদিও, বাজারের ভবিষ্যৎ গতিপ্রকৃতি দেশীয় ও গ্লোবাল সঙ্কেত, কোম্পানির ফলাফল এবং বিনিয়োগকারীদের ক্রয়-বিক্রয়ের ওপর নির্ভর করবে।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker