আশঙ্কাই সত্যি! চেন্নাইয়িনের বিরুদ্ধে নেই আনোয়ার, এবার আইএসএলেও চাপ বাড়ল ইস্টবেঙ্গলের

চোটের জন্য চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে পরের অ্যাওয়ে ম্যাচে নেই আনোয়ার আলি। মঙ্গলবার যুবভারতীতে আল-সিবের বিরুদ্ধে ‘এসিএল টু’-এর ম্যাচ খেলতে গিয়ে পেশিতে টান ধরে ভারতীয় ডিফেন্ডারের। তাঁকে পরিবর্তন করতে হয়েছিল ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে। তখনই আশঙ্কা করা হচ্ছিল পরের ম্যাচে হয়তো নেই আনোয়ার।
সেই আশঙ্কাই সত্যি হল। শুক্রবার দল উড়ে যাবে চেন্নাইয়ে। আনোয়ারের চোট মারাত্মক না হলেও লিগের শুরুতেই দলের গুরুত্বপূর্ণ রক্ষণভাগের ফুটবলারকে নিয়ে ঝুঁকি নিতে চান না হাবাস। সেই জন্যই তাঁকে বিশ্রাম দেওয়া হচ্ছে এই ম্যাচে। এদিকে, ‘এসিএল টু’-তে চার ম্যাচে দু’পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবলের একেবারে শেষে ইস্টবেঙ্গল। ‘এসিএল টু’ থেকে ফের আইএসএলের দিকে মনোনিবেশ করতে চলেছেন মহম্মদ রশিদরা। এই মুহূর্তে আইএসএলের লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। অন্য দল যেখানে চতুর্থ রাউন্ডের মাচ খেলে ফেলেছে, সেখানে ‘এসিএল টু’-এর জন্য ইস্টবেঙ্গল খেলেছে মাত্র দুটো ম্যাচ। সেই দুই ম্যাচেই জয় পেয়েছেন একে দোবারা।
এবার টানা তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে চেন্নাই যাচ্ছে লাল-হলুদ ব্রিগেড। গত মরশুমে দুরন্ত ফুটবল উপহার দিয়ে আইএসএল জয়ের পর, এই মরশুমেও শুরুটা ভালোই করেছিল ইস্টবেঙ্গল। তবে তারই মধ্যে ধাক্কা আনেয়ারের চোট। রক্ষণে গতবার ধারাবাহিকতা দেখিয়েছেন যিনি। একইসঙ্গে ইস্টবেঙ্গল কোচকে চিন্তায় রেখে দিচ্ছে গোল মিস। সবমিলিয়ে কিছুটা চাপে হাবাসের ইস্টবেঙ্গল।
ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, আনোয়ারের চোট কতটা গুরুতর তা খতিয়ে দেখতে এমআরআই করা হয়েছে। রিপোর্ট আসার পর চোট সারানোর প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তিনি চেন্নাইয়িনের বিরুদ্ধে নেই। ভারতীয় দলের বিদেশ সফরেঅ সম্ভবত যাওয়া হবে না তাঁর। তবে চোট সারিয়ে উঠতে আনোয়ারের কতটা সময় লাগবে তা এখনই বলা যাচ্ছে না। এমআরআই রিপোর্ট এলে ছবিটা পরিষ্কার হবে।
শেয়ার
লিংক



